শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মহামায়ায় জাফর বিন আল পাটওয়ারী ফাউন্ডেশন ও জাফরানি স্পোর্টিং ক্লাবের অফিস উদ্বোধন

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ পিএম
মহামায়ায় জাফর বিন আল পাটওয়ারী ফাউন্ডেশন ও জাফরানি স্পোর্টিং ক্লাবের অফিস উদ্বোধন
চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন ও জাফরানি স্পোর্টিং ক্লাবের দাপ্তরিক কার্যালয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ফিতা কেটে মহামায়া পশ্চিম বাজার আড়ি বাড়ি ব্রিজ সংলগ্ন উক্ত অফিস উদ্বোধন করেন।
সংগঠনের চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী ও জাফরানি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা আন্তর্জাতিক প্রযুক্তিবিদ ড. কামরুল আহসান সোহেল। উদ্বোধকের বক্তব্য রাখেন ক্লীন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও পরিচালক চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
জাফরানি স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হক সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের প্রদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার, উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম বাকের খন্দকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আমিন সুমন প্রমূখ। অনুষ্ঠানের বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সমাজের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজ থেকে সব ধরনের অন্ধকার দূর করতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টাহরখিল এলাকায় জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় এবং টাহরখিল মোহাম্মদীয়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। চাঁদপুর বেগম মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান এর দোয়া মোনাজাত পরিচালনায় উক্ত কাজের শুভ উদ্বোধন করেন মরহুম জাফর উল্যাহ পাটওয়ারীর সহধর্মিণী খন্দকার সেলিনা আক্তার রানী।
উক্ত কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক ডিডি শাহআলম সুমন সাজু, ডেফোডিল গ্রুপের জীবিকা চাঁদপুর প্রকল্পের ম্যানেজার আসাদুল্লাহ খান গালিব, মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মোঃ তাজুল ইসলাম, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসেন মিজি, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, সাবেক ফুটবলার ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, বিশিষ্ট সমাজসেবক বাবুল পাটওয়ারী, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক আফজাল পাটওয়ারী সহ উক্ত সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান আর নেই

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ পিএম
ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান আর নেই

প্রয়াত সাবেক এমপি ও বরেণ্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, দেশের বরেণ্য সাংবাদিক, বিশিষ্ট কলাম লেখক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান(৮২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪শে অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বনানীর নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ওপাড়ে পাড়ি জমান।
মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫শে সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী আবদুল হামিদ এবং মাতা আয়েশা খাতুন। তিনি ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল (হাদিস) ডিগ্রি অর্জনের পর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও প্রগতিশীল সামাজিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৫ সালে আলিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে তাঁর হাতেখড়ি। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই ১৯৭০ সালে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় তাঁর পেশাগত জীবনের সূচনা হয়। স্বাধীনতার পর ইত্তেফাকে পূর্ণাঙ্গ সাংবাদিক হিসেবে যোগ দিয়ে দীর্ঘ ৩২ বছর স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ইত্তেফাক থেকে অবসর নেওয়ার পর স্বাধীন কলামিস্ট হিসেবে দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক জনকণ্ঠের জনপ্রিয় ‘চতুরঙ্গ’ পাতায় নিয়মিত কলাম লিখে জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেন।
সাংবাদিকতায় আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে তিনি ১৯৮৫ সালে জাপানের টোকিও, ১৯৯১ সালে জার্মানির বার্লিন এবং যুক্তরাজ্যে উচ্চতর সাংবাদিকতা প্রশিক্ষণ ও পড়াশোনা সম্পন্ন করেন। সাংবাদিক সমাজের শীর্ষ অভিভাবক হিসেবে তিনি ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুবার বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। কর্মজীবনে তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘সিটিজেন টিভি’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক এবং সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাঠ চুকিয়ে তিনি স্বক্রিয় রাজনীতিতেও সফল অবদান রাখেন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৩রা জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ই আগস্ট পর্যন্ত তিনি  জাতীয় সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য সহকর্মী, গুণগ্রাহী এবং রাজনীতি ও সাংবাদিকতা অঙ্গনের অজস্র শুভানুধ্যায়ী রেখে গেছেন।
গুণী এই ব্যক্তিত্বের হঠাৎ প্রয়াণে ফরিদগঞ্জের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।