রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সংস্কারে স্বস্তি ফিরেছে আশিকাটি ও মৈশাদী এলাকার মানুষের

৬ বছর পর চলাচলের উপযোগী চাঁদপুরের নতুন কারাগার-মৈশাদী সড়ক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ পিএম
৬ বছর পর চলাচলের উপযোগী চাঁদপুরের নতুন কারাগার-মৈশাদী সড়ক

দীর্ঘ ছয় বছর পর সংস্কার হওয়া চাঁদপুর সদর উপজেলার নতুন কারাগার-মৈশাদী সড়ক পরিদর্শন করে কাজের মান ও অগ্রগতি দেখছেন চাঁদপুর সদর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ রাহাত আমিন পাটওয়ারী।

দীর্ঘ প্রায় ছয় বছর ধরে বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা চাঁদপুর সদর উপজেলার নতুন কারাগার (আশিকাটি ইউপি)-মৈশাদী ইউপি সড়ক অবশেষে মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চাঁদপুর সদর উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটির দৈর্ঘ্য ২ হাজার ২৪২ মিটার। ২০২৫-২০২৬ অর্থবছরে সড়কটি মেরামতের জন্য চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৯৭২ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাজী এন্টার প্রাইজ।

জানা যায়, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে গুরুত্বপূর্ণ এ সড়কটির মেরামত কাজ অনুমোদন হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

নতুন কারাগার (আশিকাটি ইউপি)-মৈশাদী ইউপি সড়কটি শুধু স্থানীয় মানুষের চলাচলের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি মৈশাদী ইউনিয়ন পরিষদের সঙ্গে বাবুরহাট বাজারের সংযোগ স্থাপন করেছে। একই সঙ্গে সড়কটি মৈশাদী ইউনিয়ন পরিষদের সঙ্গে রামপুর ইউনিয়ন পরিষদেরও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে সড়কটির সংস্কারের মাধ্যমে একাধিক এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হয়েছে।

Model Hospital

দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ, ভাঙন ও বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। ফলে যানবাহন চলাচলে যেমন চরম দুর্ভোগ পোহাতে হয়েছে, তেমনি বর্ষাকালে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ত। প্রায় ছয় বছর পর সড়কটি সংস্কারের মাধ্যমে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ফিরে আসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

১ অক্টোবর ২০২৬ তারিখে সড়কটির মেরামত কাজ সম্পন্ন করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা হয়।

কাজের মান ও বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে দেখতে সড়কটি পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ রাহাত আমিন পাটওয়ারী, নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে আগত সহকারী প্রকৌশলী (Assistant Engineer) এবং ল্যাব টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রকৌশলী কর্মকর্তারা সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মেরামত কাজের গুণগত মান, নির্মাণসামগ্রীর ব্যবহার ও সার্বিক বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ রাহাত আমিন পাটওয়ারী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। জনগণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। কাজের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিন তদারকির মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হয়েছে। এখন সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও বলেন, “সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ ও সংস্কার করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের প্রয়োজনীয় সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে যোগাযোগব্যবস্থা আরও সহজ করার চেষ্টা অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর সড়কটি সংস্কার হওয়ায় তাদের যাতায়াত অনেক সহজ হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাবুরহাট বাজারসহ আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

তারা সড়কটির স্থায়িত্ব রক্ষায় নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি অতিরিক্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণেরও দাবি জানান।

সংশ্লিষ্টদের আশা, মেরামতের পর নতুন কারাগার (আশিকাটি ইউপি)-মৈশাদী ইউপি সড়কটি আশিকাটি, মৈশাদী ও রামপুর ইউনিয়নের মানুষের নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাবুরহাট বাজারের সঙ্গে যোগাযোগ আরও সহজ হওয়ায় স্থানীয় আর্থ-সামাজিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।