শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়ার সফিবাদ গ্রামে মাদক ও জুয়াবিরোধী বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম
কচুয়ার সফিবাদ গ্রামে মাদক ও জুয়াবিরোধী বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

যুবসমাজকে রক্ষায় মাদক ও জুয়াবিরোধী এক বিশাল র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ।

চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে যুবসমাজকে রক্ষায় মাদক ও জুয়াবিরোধী এক বিশাল র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, মানবিক কাজের উদ্যোক্তা ও সমাজ সংস্কারক মোঃ সাজেদুল হাসান কামালের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‘মাদক ছাড়ুন, জুয়া ছাড়ুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সফিবাদ, আইনপুর ও শংকরপুর গ্রামের সচেতন এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সফিবাদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শংকরপুর এলাকায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

সমাবেশ চলাকালে সফিবাদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. সাজেদুল হাসান (কামাল) বলেন, মাদক ও জুয়া আমাদের এলাকার শান্তি, শৃঙ্খলা এবং যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এই সামাজিক ব্যাধি থেকে আমাদের প্রাণের সফিবাদকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, অধ্যাপক মনির হোসেন সরকার, চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন মোল্লা, মাওলানা আজহারুল ইসলাম পাটোয়ারী, ব্যাংকার জসিম উদ্দিন সরকার, সফিউল্লাহ মোল্লা, কচুয়া থানার এএসআই শহিদুল ইসলাম এবং পালাখাল মডেল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

Model Hospital

বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, সফিবাদ, আইনপুর ও শংকরপুর এই তিন গ্রামে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর স্থান হবে না। মাদক ব্যবসায়ী ও সেবীদের সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিয়ে তারা বলেন, সমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে মুক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে এলাকাবাসীর পাশাপাশি প্রশাসনের কঠোর সহযোগিতা কামনা করা হয়। এছাড়া, এমন সময়োপযোগী ও মহৎ উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয়রা আয়োজক সাজেদুল হাসান কামালকে বিশেষ ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত মো. সাজেদুল হাসান (কামাল) দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে এলাকার যুবসমাজকে রক্ষায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এই বিশাল র‍্যালি ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।