বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ পৌরসভার মেয়র হতে চান ফারুক হোসেন মোল্লা, বললেন—গড়তে চাই সুন্দর ও বাসযোগ্য নগরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম
হাজীগঞ্জ পৌরসভার মেয়র হতে চান ফারুক হোসেন মোল্লা, বললেন—গড়তে চাই সুন্দর ও বাসযোগ্য নগরী

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাকে একটি সুন্দর, উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা। জনসেবার অঙ্গীকার নিয়ে পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন তিনি।

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে ফারুক হোসেন মোল্লা বলেন-মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়াই তাঁর মূল লক্ষ্য। পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং হাজীগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি ভূমিকা রাখতে চান।
তিনি বলেন-পৌরবাসীর দোয়া ও ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আমি মানুষের পাশে থাকতে চাই এবং জনসেবার মাধ্যমে হাজীগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আগামীর হাজীগঞ্জকে আরও সুন্দর, উন্নত ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ে আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সৌদি আরবের দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি এবং সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি পৌর বিএনপির অর্থবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজীগঞ্জ পৌরবাসীর কল্যাণে ভূমিকা রাখতে চান তিনি। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর এ প্রার্থিতার প্রত্যাশা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Model Hospital

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।