ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হলেন চাঁদপুরের কৃতী সন্তান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য( নং ৩০৩) বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কারানির্যাতিত নেত্রী আলহাজ রাশেদা বেগম হীরা(এম এ এমফিল)। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁর নামসহ পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।
সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন—মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), আলহাজ রাশেদা বেগম হীরা ( মহিলা আসন নং ৩০৩) ।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। ফলে সংসদ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেলেন চাঁদপুরের এই রাজনীতিবিদ।
জন্ম ও পারিবারিক পরিচিতি:
আলহাজ রাশেদা বেগম হীরা ১৯৫৭ সালের ২৯ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তাঁর পিতা মরহুম সোলায়মান তপাদার এবং মাতা মরহুমা আনোয়ারা বেগম। তাঁর স্বামী মরহুম মো. রফিকুল ইসলাম মজুমদার চট্টগ্রাম বিভাগের খাদ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবন ও কর্মজীবন
তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৭৯ সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের ভিপি ও জিএস পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজনীতির পাশাপাশি কর্মজীবনেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও ভিএসওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।
রাজনৈতিক জীবন ও সংসদীয় অভিজ্ঞতা
আলহাজ রাশেদা বেগম হীরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
তিনি অষ্টম ও নবম জাতীয় সংসদে বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩-এর সংসদ সদস্য। ২০২৬ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সংসদে প্রতিনিধিত্ব করছেন। সংসদে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চাঁদপুরের রামপুর ইউনিয়নের আলগী গ্রামের এই কৃতী নারী রাজনীতিবিদ এবার জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীতে মনোনীত হওয়ায় তাঁর সংসদীয় দায়িত্বের পরিধিতে যুক্ত হলো নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর এই মনোনয়ন চাঁদপুরবাসীর জন্যও আনন্দ ও গর্বের বিষয়।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতির অভিনন্দন:
চাঁদপুরের কৃতী সন্তান আলহাজ রাশেদা বেগম হীরা ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভাগ্নে, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক-প্রকাশক সাংবাদিক সোহেল রুশদী। এক অভিনন্দন বার্তায় সোহেল রুশদী বলেন, চাঁদপুরের কৃতী সন্তান আলহাজ রাশেদা বেগম হীরার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি আমাদের পরিবারের পাশাপাশি চাঁদপুরবাসীর জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও সংসদীয় অভিজ্ঞতা দেশের সংসদীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
তিনি তাঁর খালার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।