হাজীগঞ্জের সন্তান সায়েমের কণ্ঠে মুগ্ধ বাংলাদেশ, নজরুল সংগীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন
স্বপ্ন ছিল সংগীতের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করার। সেই স্বপ্ন পূরণের পথে একের পর এক সাফল্য অর্জন করে এবার জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শামছুত তাবরীজ (সায়েম)। জাতীয় নজরুল ইনস্টিটিউট আয়োজিত ‘জাতীয় নজরুল বর্ষসেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।

সায়েমের এ অর্জনে আনন্দিত তাঁর পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী। তাঁর সাফল্যে গর্বিত পুরো হাজীগঞ্জবাসী।

শামছুত তাবরীজ সায়েম হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওড়পুর মাজার গেইট এলাকার সন্তান। প্রতিযোগিতায় তিনি চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করেন।

জানা গেছে, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিতে সায়েমকে পেরিয়ে আসতে হয়েছে একাধিক ধাপ। প্রথমে মহানগর, এরপর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করে প্রতিটি ধাপে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরে দেশের আট বিভাগের সেরা প্রতিযোগীদের সঙ্গে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব লাভ করেন।

গত দুই থেকে তিন মাস আগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সম্মাননা সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সায়েমের হাতে তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞ্চা।
এদিকে এ অর্জনের স্বীকৃতি হিসেবে আগামী বছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সায়েমের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় ও পরিবারের অনুপ্রেরণা। তাঁর কণ্ঠে নজরুলসংগীতের সুর জাতীয় পর্যায়ে পৌঁছালেও এই অর্জনের আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়েছে তাঁর মা-বাবাকে। সন্তানের সাফল্যে তাঁদের চোখেমুখে আনন্দ ও গর্বের ছাপ। একই সঙ্গে খুশি তাঁর শিক্ষক, স্বজন ও প্রতিবেশীরা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামছুত তাবরীজ (সায়েম) বলেন, ‘আমি আজ যা কিছু হয়েছি, তা আমার মা-বাবার দোয়ায়। আমার শিক্ষকদের দোয়া, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারতাম না। সবার কাছে দোয়া চাই, যেন আরও এগিয়ে গিয়ে হাজীগঞ্জ, চাঁদপুর ও বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’
একটি এলাকার সন্তান যখন জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন, তখন সেই অর্জন আর শুধু ব্যক্তিগত থাকে না; হয়ে ওঠে পুরো এলাকার গর্ব। সায়েমের এই সাফল্যও তেমনই। তাঁর অর্জন প্রমাণ করে, সুযোগ, সাধনা ও আত্মবিশ্বাস থাকলে প্রত্যন্ত এলাকার প্রতিভাও জাতীয় মঞ্চে নিজের জায়গা করে নিতে পারে।
হাজীগঞ্জের ওড়পুর থেকে জাতীয় মঞ্চে উঠে আসা সায়েমের এই পথচলা অনুপ্রেরণা হয়ে থাকুক নতুন প্রজন্মের কাছে। তাঁর কণ্ঠে আরও সমৃদ্ধ হোক বাংলা সংগীত, আরও উজ্জ্বল হোক হাজীগঞ্জ ও চাঁদপুরের পরিচয়।








