শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের সভাপতি মঈন উদ্দিন ও সম্পাদক হাবিব

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম
চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের সভাপতি মঈন উদ্দিন ও সম্পাদক হাবিব

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের বিপণীবাগে সংগঠনের জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ যুবসমাজ গঠনে ইসলামী যুব আন্দোলনের বিকল্প নেই। তিনি যুবকদের নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

Model Hospital
তিনি আরও বলেন, দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গাজী মুহাম্মদ হানিফ, সহসভাপতি কে. এম. ইয়াসিন রাশেদসানি, সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ আবুল বাশার তালুকদার এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ডি. এম. ফয়সাল।

সম্মেলনের শেষপর্যায়ে প্রধান অতিথি ২০২৭-২৮ সেশনের নবগঠিত জেলা কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মুফতি মঈন উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান নির্বাচিত হন।

সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জরুরি চেয়ারম্যান সনদে স্বাক্ষর চেয়েও পেলেন না সেবাপ্রার্থী, প্রশাসকের মন্তব্য—‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
জরুরি চেয়ারম্যান সনদে স্বাক্ষর চেয়েও পেলেন না সেবাপ্রার্থী, প্রশাসকের মন্তব্য—‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’

জরুরি প্রয়োজনে চেয়ারম্যান সনদ নিতে গিয়ে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করেও স্বাক্ষর পাননি বলে অভিযোগ করেছেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সেবাপ্রার্থী মো. শাকিল খান। তাঁর অভিযোগ, সরাসরি অনুরোধ করার পরও সনদে স্বাক্ষর না দিয়ে কার্যালয় থেকে বেরিয়ে যান ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারী।

শাকিল খানের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ইউনিয়ন পরিষদের সচিব তাঁকে সনদটি দিয়ে প্রশাসকের স্বাক্ষর নেওয়ার জন্য উপজেলা কার্যালয়ে যেতে বলেন। পরে তিনি ফরাক্কাবাদ থেকে চাঁদপুরে গিয়ে ইউনিয়নের এক চৌকিদারের মাধ্যমে সনদটি প্রশাসকের কাছে পাঠান।

এ সময় প্রশাসক কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন জানতে পেরে তিনি সরাসরি তাঁর কাছে গিয়ে জরুরি প্রয়োজনের কথা জানিয়ে সনদে স্বাক্ষর দেওয়ার অনুরোধ করেন। অভিযোগকারীর দাবি, তখন প্রশাসক তাঁকে বলেন, ‘তোমার থেকে আমার ইমার্জেন্সি কম নাকি?’ এরপর স্বাক্ষর না দিয়েই তিনি চলে যান।

এ ঘটনা নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মন্তব্যে আরও কয়েকজন সেবাপ্রার্থী তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেছেন।

Model Hospital

‘সায়েদ মাহমুদ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান পদ্ধতিতে চেয়ারম্যান সনদ নিতে গেলে কখনো সার্ভারের সমস্যা, আবার কখনো প্রশাসক কার্যালয়ে নেই বলে জানানো হয়।

অন্যদিকে গিয়াসউদ্দিন খান নামের একটি অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে বলা হয়, দুই-তিন মাস আগে বাবার মৃত্যু সনদ তৈরি করতে গিয়ে তিনি নিজের জন্মনিবন্ধন ইংরেজি করা এবং বাবার জন্মসনদের কয়েকটি ভুল সংশোধনের আবেদন করেন। তাঁর দাবি, টাকা দেওয়ার পর একাধিকবার নিজে কার্যালয়ে গিয়েছেন এবং পরবর্তী সময়ে প্রতি সপ্তাহে লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন। কাজ সম্পন্ন হওয়ার নিশ্চিতকরণ বার্তা পেলেও মন্তব্য করার সময় পর্যন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের প্রিন্ট পাননি।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারীর বক্তব্যও নেওয়া হয়েছে।

মুঠোফোনে তিনি বলেন, ‘আমার দপ্তরে কোনো ফাইল পেন্ডিং নেই। ইউনিয়ন পরিষদ থেকে আসা সব ডকুমেন্টে স্বাক্ষর করে দিয়েছি। উল্লিখিত ভুক্তভোগীর সঙ্গে এ ধরনের আচরণ করেছি কি না, তা আমার স্মরণে নেই। কেউ আমার জন্য অপেক্ষা করেছেন, সেটিও আমার জানা নেই। আমি কারও সঙ্গে এমন আচরণ করেছি কি না, তাও মনে নেই।’

নাগরিক সেবা নিতে গিয়ে এমন ভোগান্তির অভিযোগ সামনে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেবাপ্রার্থীদের প্রত্যাশা, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা।