শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মাদক নিয়ে ফেসবুকে পোস্ট করায় কচুয়ায় প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ড!

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ পিএম
মাদক নিয়ে ফেসবুকে পোস্ট করায় কচুয়ায় প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ড!

চাঁদপুরের কচুয়া উপজেলার পৌরসভাধীন কড়ইয়া  মনগাজী প্রধানীয়া বাড়িতে শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মনির হোসেন এবং প্রবাসী সায়েম হাসানের বসতবাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়।

এই ঘটনার পেছনে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের প্রত্যক্ষ হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায় , প্রবাসী সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তিনি সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান এবং মাদক কারবারিদের প্রতিরোধের আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন। এর জের ধরেই কড়ইয়া এলাকার মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধমূলকভাবে শুক্রবার রাতের আঁধারে এই অগ্নিকাণ্ড ঘটায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

​আগুনে ঘরের বিপুল পরিমাণের আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Model Hospital

​এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় প্রবাসীর বাড়িতে এভাবে হামলা ও অগ্নিসংযোগ সমাজ ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর চরম আঘাত। আমরা অনতিবিলম্বে এ ঘটনায় জড়িত সকল আসামিকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, ​ঘটনার বিষয়ে আমাদের  অবহিত করা হয়েছে। অভিযোগ  ফেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।