বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৩:৪৭ পিএম
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে তুলে এনে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতন করছেন কিছু লোকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম মোখলেছুর রহমান শান্ত (২০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের ইলেকট্রিশিয়ান নুরু মিয়ার ছেলে। একই গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে স্কুলে আসা-যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শান্ত। ওই স্কুলছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার বাবা-মাকে জানায়। এ নিয়ে গ্রামে সালিশও বসেছে।

রোববার (৪ জুন) ওই স্কুলছাত্রী তার বান্ধবীসহ প্রাইভেট পড়ে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মোড় সংলগ্ন মজনু মিয়ার বাড়ির সামনে আসামাত্র শান্ত তাকে প্রেমের প্রস্তাব দিয়ে পথরোধ করেন। এতে রাজি না হওয়ায় তাকে জাপটে ধরলে ওই স্কুলছাত্রী চিৎকার করে। তার চিৎকার শুনে বাড়ির মালিক মজনু পিয়ন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

Model Hospital

সোমবার (৫ জুন) আবারও ওই ছাত্রীকে আটক করে জাপটে ধরার সময় মেয়েটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসেন। তারা শান্তকে আটক করে মারধর করেন। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে মেয়ের বাবা বলেন, ‘আমরাতো ওই ছেলেকে মারপিট করিনি। সে অপরাধ করেছে। এজন্য স্থানীয় লোকজন তাকে মারপিট করেছে। আমাদের কী করার বলেন?’

তবে শান্তর বাবা নুরু মিয়া বলেন, ‘আমার ছেলে ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে এটা সত্য কথা। এ নিয়ে একবার সালিশও হয়েছে। সে যদি অন্যায় করে থাকে তার বিচার আইন করতো। কেন তারা নিজের হাতে আইন তুলে নিলো? আমিও এর বিচার চাই।’

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ওই যুবকের বাবাও ছেলেকে মারধরের অভিযোগে মামলা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital