বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বাগবাড়ী-জীবগাঁও ব্রিজ যেন মরণ ফাঁদ!

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৯:০৮ পিএম
বাগবাড়ী-জীবগাঁও ব্রিজ যেন মরণ ফাঁদ!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাগবাড়ী ও জীবগাঁও জেনারেল হক হাইস্কুল অ্যান্ড কলেজের সীমানায় খালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতেই ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, এই খালের ওপর দিয়ে ২০১০-১১ অর্থবছরে ছেংগারচর পৌরসভার অর্থায়নে ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খাল খনন করার সময় ব্রিজের উইন ওয়াল গাইডের দুই পাশে মাটি সরে যাওয়ায় এবং পানির স্রোতে ব্রিজটি ভেঙে যায়। ফলে ব্রিজটি দিয়ে চলাচলকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ আশাপাশের কছেশ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ব্রিজটি পার হতে গিয়ে অনেকেই নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন।

ডেঙ্গুরভিটি গ্রামের বাসিন্দা রাফ রাফিন বলেন, ৫ বছর ধরে এই ব্রিজটা ভেঙে পড়ে আছে। এই গ্রামের মানুষ যাতায়াতে অনেক কষ্ট হয়, আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে যাতায়াত করতে পারি না। অনেককেই রাস্তাটি সংস্কারের জন্য বলেছি, কিন্তু কোনো সমাধান আসছে না।

একই গ্রামের সাজেদা বেগম বলেন, বাতাসে নাকি এই ব্রিজটা ভাইঙ্গে থুইয়ে যায়। আমরা মেয়র-কাউন্সিলর সবাইরে জানাইছি, কিন্তু কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না। এই ব্রিজটির ওপর দিয়ে স্কুল-কলেজের বাচ্চারা যাতায়াত করে।

Model Hospital

বাগবাড়ী গ্রামের সেরু বেপারী বলেন, প্রায় ৫ বছর ধইরে ভাইঙ্গে এই ব্রিজটা অকেজো হয়ে রইছে, আমরা যে কি কষ্টে যাতায়াত করতিছি। আমাগো এই যে তিনডে-চাইরডে গ্রামের লোকজনের এইডাই পথ একটা। অনেক মানুষ এই জাগাতে পইরে হাত-পাও ভাঙ্গিছে।

জীবগাঁও জেনারেল হক হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন জানান, ব্রিজের এ অবস্থা থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছে। এটি দ্রুত সংস্কার করা দরকার।
ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন প্রধান বলেন, আমারা মাত্র কয়েদিন হলো শপথ গ্রহণ করেছি৷ এই ব্রিজটি আমার নজরে এসেছে, শিগগিরই পৌরসভার নবনির্বাচিত মেয়র মহোদয়ের সাথে কথা বলে একটা ব্যবস্থা গ্রহন করা হবে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ