মহামায়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১১:০২ পিএম
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ আগস্ট) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে মূল্য তালিকা না থাকায় হাজী আব্দুল হক ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মনির সুইটমিটকে ১ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার দায়ে আক্তার বিরিয়ানি হাউজকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে মহামায়া বাজারের মুদি দোকানসহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। সেই সাথে যেসব প্রতিষ্ঠান আইন মেনে ব্যবসা করছে মূল্য তালিকা প্রদর্শন করছে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আইন মেনে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করা হয়েছে।
অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।







