বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আইনজীবীর সঙ্গে অসদাচরণ করায় এডিএম কোর্ট বর্জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১১:৫৪ পিএম
চাঁদপুরে আইনজীবীর সঙ্গে অসদাচরণ করায় এডিএম কোর্ট বর্জন

আদালত চলাকালীন সময়ে আইনজীবীর সঙ্গে অসদাচরণ করায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কোর্ট বর্জন করেছেন আইনজীবীরা। একই সঙ্গে এ ধরনের আচরণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি সাধারণ সভা ডেকেছে জেলা আইনজীবী সমিতি।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে আদালত চলাকালীন সময়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা আইনজীবী ফারুক মিয়াজীর সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে স্টুপিড বলে সম্বোধন করেন।

ওই সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এজেডএম রফিকুল হাসান রিপনসহ সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত থাকায় তাৎক্ষণিক আদালত বর্জন করেন।

এ বিষয়ে সিনিয়র আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু জানান, এডিএম কোর্টে আজকে আইনজীবী ফারুক হোসেন মিয়াজী একটি মামলার শুনানিতে উপস্থিত হন। ওই মামলাটি এর আগেও তদন্ত করার জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহকে দায়িত্ব দেন। তিনি তদন্ত করে মামলার প্রতিপক্ষ সম্পত্তি দখলে আছেন মর্মে এডিএম কোর্টে রিপোর্ট দেন।

Model Hospital

পরে আইনজীবী ফারুক মিয়াজী ওই প্রতিবেদন রিপোর্টের কপি হাতে পান এবং রিপোর্ট গ্রহণের বিষয়ে আলোচনা হলে এডিএম বলেন-এই রিপোর্ট গ্রহণ করা যাবে না। উত্তরে আইনজীবী ফারুক মিয়াজী বলেন- কেন গ্রহণ করা যাবে না। আপনি নিজেই এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছেন তদন্ত করার জন্য। তখন এডিএম ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক কোর্ট পুলিশকে দিয়ে ওই আইনজীবীকে অ্যারেস্ট করার জন্য বলেন এবং স্টুপিড বলে সম্বোধন করেন। এ ধরনের আচরণ কোনো বিচারকের কাছ থেকে কাম্য নয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এজেডএম রফিকুল হাসান রিপন জানান, আইনজীবী ফারুক হোসেন মিয়াজীর সঙ্গে এডিএম অসদাচরণ আচরণ করার বিষয়টি জানতে পেরে আমরা নিয়মানুসারে সভাপতিসহ ওই আদালতে গিয়ে তাৎক্ষণিক আদালত বর্জন করি। এছাড়া এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতিতে জরুরি সাধারণ সভা ডেকেছি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস মোসা এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিবেন না বলে জানান।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানকে এডিএম এর সঙ্গে আইনজীবীদের অসদাচরণ এবং কোর্ট বর্জন বিষয়ে জানানো হয়। তিনি বলেন, আমি বাইরে ছিলাম, বিষয়টি জানতাম না। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital