মতলব দক্ষিণে সড়ক ও জনপথের রাস্তা বোরিং করে পাইপ স্থাপন

জানা যায়, বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ স্থাপন করায় উপর দিয়ে রাস্তাটি ফেটে নিচে ডেবে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসীসহ যাতায়াতকারী যাত্রী সাধারণরা।

এদিকে সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতার কারণে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে দিনের পর দিন রাস্তা সংলগ্ন সরকারি জায়গা দখল ও রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশি^নপুর ব্র্যাক অফিস সংলগ্ন বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের নিচ দিয়ে ছিদ্র করে ড্রেজার পাইপ নিয়েছেন আশ্বিনপুর গ্রামের আরিফ হোসেন। এতে যেকোন সময় ডেবে যেতে পারে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি। তাই সড়ক ও জনপথ বিভাগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে দাবি এলাকাবাসীর।

অভিযুক্ত আরিফ হোসেন বলেন, রাস্তা বোরিং করে পাইপ স্থাপনের নিয়ম আছে। আমি অনুমতি এনে পাইপ স্থাপন করেছি।
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা মামুন বলেন, আমি রাস্তা বোরিং করে পাইপ স্থাপন করতে দেখিনি। রাস্তা ছিদ্র করার বিষয়টি ইউনিয়ন ভুমি কর্মকর্তার বিষয়।
সড়ক ও জনপথ বিভাগের কার্য্য সহকারী নাছির উদ্দিন বলেন, রাস্তা বোরিং করার নিয়ম রয়েছে। অনুমতি না নিয়ে রাস্তা বোরিং করা অবৈধ।








