বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাইকোর্টের আদেশ অমান্য করে মতলব উত্তরে মুক্তিযোদ্ধার জমি পুনঃবেদখল

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৬ পিএম
হাইকোর্টের আদেশ অমান্য করে মতলব উত্তরে মুক্তিযোদ্ধার জমি পুনঃবেদখল

মতলব উত্তর থানার লবাইরকান্দি মৌজায় বড় মরাদোন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন (৭০) এর জমিটি পুনরায় বেদখল হয়েছে।

১৯৮৪ সালে এই মুক্তিযোদ্ধা ৩২ দাগের জমিটি ক্রয়সুত্রে মালিক হন এবং ২০১৩ সাল পর্যন্ত (প্রায় ৩০ বছর) নিরবিচ্ছিন্ন ভোগ দখল করেন। অন্যদিকে ৩০ দাগের মালিক মো. হানিফ মাঝি তার প্রাপ্য অংশের অতিরিক্ত জমি দখল করে ফেলেন বিধায় ৩১ দাগের মালিক তারই চাচাতো ভাই মো. মিজানুর রহমান মাঝি গং তাদের অংশ পরনের জন্য এই বৃদ্ধ মুক্তিযোদ্ধার জমিতে কুনজর দেয়। ফলে ২০১৩ সালে সে লোভের বশবর্তী হয়ে ৩২ দাগে একটি নামমাত্র টিনের ঘর উত্তোলন করেন এবং মালিকানা দাবি করেন।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন ভাবে উক্ত জমিটি ফিরে পাবার জন্য এই মুক্তিযোদ্ধা ০৫ বছর চেস্টা তদবির করেছেন। প্রতিবারেই সালিসিতে অবৈধ দখলদার মিজানুর রহমান মাঝি জমিটি ফিরিয়ে দিবে মর্মে স্বীকার করে কিন্তু পরে বিভিন্ন তাল-বাহানা করে এবং জমিটি দখল ছাড়ে না। অবশেষে নিরুপায় হয়ে ৩২ দাগের মালিক আদালতের শরণাপন্ন হোন। প্রায় ৫ বছর মামলা চালানোর পর সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, চাঁদপুর এর রায়ের আলোকে ডিক্রি জারি মামলা ৩/২৩ অনুযায়ী গত ২৪/০৭/২০২৩ খ্রি. তারিখে চাঁদপুর জেলা জজ আদালতের নাজির, সার্ভে কমিশনার, ঢুলী, মালী, পুলিশ প্রশাসন এবং স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে মুক্তিযোদ্ধার জমিটি তাকে দখল বুঝিয়ে দেন।

জমি বুঝে পাবার পর তিনি জমিতে ৪০টি পিলার ও কাটা তারের বেস্টনী দিয়ে সেখানে নোটিশ টাঙ্গিয়ে দেন এবং নালিশি ১০সহ মোট ৮৮ শতক জমিতে তিনি চাষাবাদ শুরু করেন।

Model Hospital

অপরদিকে হানিফ মাঝির পরামর্শে মিজান মাঝি উচ্চ আদালত তথা হাইকোর্টে আপিল দায়ের করলে মাননীয় হাইকোর্ট বিভাগ প্রথমে চাদপুরের আপীল মামলার স্টে অর্ডার দেন এবং পরে বিবাদি কামাল উদ্দিন এর আবেদনে গত ২৩ আগস্ট স্ট্যাটাস-কো বা স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সে মোতাবেক হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাঁদপুর আদালতের দেয়া দখল শান্তি পূর্ণ ভাবে বজায় রাখতে দুপক্ষই বাধ্য।

স্থিতাবস্থা ঘোষণায় বাদি পক্ষ মিজানুর রহমান মাঝি তার চাচতো ভাই হানিফ মাঝির পরিকল্পনায় তার দুই পুত্র (মবিন, মেহেদি), বোন জামাই আবু তাহের সহ অজ্ঞাত নামা ৮/১০ জন লোকজন সহ হাইকোর্টের আদেশ উপেক্ষা করে রাতের আধারে এই মুক্তিযোদ্ধা বৃদ্ধের জমির সীমানা বেস্টনি উপড়ে ফেলে এবং পুরো ৮৮ শতকের ফসল নষ্ট করে ফেলে।

এই বিষয়ে মতলব উত্তর থানায় একটি জিডি করা হয়েছে এবং সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী মো. কামাল উদ্দিন তার জমিতে পুনরায় কাটা তারের বেড়া দিয়েছেন। তার এই ফসল নষ্ট করায় এবং সীমানা পিলার, কাটা তার ইত্যাদি নস্ট করায় তিনি দারুন ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি মাননীয় আদালতের কাছে এর ন্যায় বিচার প্রার্থনা করেন এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ