বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

তবুও কত আপন!

কাদের পলাশ প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৬ পিএম
তবুও কত আপন!

আমার কন্যা কিমিয়া অসুস্থ। বেশ কয়েকদিন জ্বর। আমি সাধারণত পরিচিত কাছের ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসা শুরু করে দেই। কিন্তু এবার আর তা না করে চলে যাই মেয়েকে নিয়ে শহীদ মিনারের সামনের একটি ক্লিনিকে। গিয়ে শুনি ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ভাই ওখানে চেম্বার করেন। আমি বেজায় খুশি। কারণ এমনটি প্রত্যাশা ছিলো না। সবশেষ রুবেল ভাই বেলভিউ হাসপাতালে থাকাবস্থায় আমার নিকট আত্মীয়দের চিকিৎসা করতেন তিনি। আমার বাবাকেও চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন। বাবা এখন দিব্যি সুস্থ আছেন।

চেম্বারের দরজা হালকা খুলে উঁকি দিতেই রুবেল ভাই বললেন আরে পলাশ ভাই। আসেন। মেয়েকে নিয়ে প্রবেশ করি। বলতে বলতে ওষুধ লিখলেন। আর এনএস-১ টেস্ট দিলেন। মূলত এবার আমি ফোন করে কারো পরামর্শ নেইনি কারণ অন্তত এমন একটা টেস্ট করিয়ে নিবো বলে। মেয়ের রক্ত দেয়া হলো। রিপোর্ট আসলো, রিপোর্ট ভালো ডেঙ্গু নেই।

কিছুক্ষণ গল্প হলো। ফাঁকে বিভিন্ন বীজের মিশ্রণে এককেজি ওজনের একটি কৌটা দিলেন। অন্তত দশটি প্যাড ও ডজন খানেক কলম দিলেন। যখনি চেম্বারে দেখা হতো এমন আমাকে সবসময়ই দিতেন। আমার বাচ্চারা ছোট মূলতে তাদেরকে দেয়া এমনটি আগেই বলে রেখেছেন। তাই কিছু দিলে আমি নির্দ্বিধায় নিয়ে দেই।
বললাম, আমার অফিসের কাছে চাঁদপুর রিসোর্ট। একদিন আপনার বিশেষ দাওয়াত।
-আপনি যেদিন বলবেন এবং যখন বলবেন তখনই।

আমি বললাম ঠিক আছে। আমি সকল আয়োজন করে আপনাকে বলবো। চওড়া হাসি দিয়ে বললেন, ওকে আপনি আয়োজন করেন। নানান ব্যস্ততায় আর আয়োজন করা হলো না। দাওয়াতও দিতে পারিনি। আমার এক ঘনিষ্ঠজনকেও বলেছি দাওয়াত দেয়ার বিষয়ে। প্রায় মাস খানেক পেরিয়ে। আয়োজন করতে পারিনি বলে কলও দেইনি। ভেবেছি ভাইকে বিশেষ দাওয়াত দিবো আমার ফ্রি সময়টা একটি দীর্ঘ হতে হবে। আমার ফ্রি সময় হতে হতে ভাই আমার ছুটি নিয়ে নিলেন। এমন ছুটি নিলেন আমার কলিজায় আফসোসের বাসা বেঁধে গেলেন। গতকাল দুপুরের পর থেকে হঠাৎ ভাটায় পড়া পুঁটি মাছের মতো কলিজাটা ছটপট ছটপট করছে। বারবার গলা শুকিয়ে আসছে। চোখের কোণ বারবার ভিজে উঠছে। পাঁচ-সাত বছরের সম্পর্ক। খুব বেশি নিবিড় নয়। তবুও কত আপন। জানাজায় অংশ নিতে গিয়ে একপলক কোমল মুখ দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। কাউকে ধরে চিৎকার দিয়ে কাঁদতেও পারিনি। হুপিয়ে হুপিয়ে বিয়োগ ব্যথা বিসর্জন দেয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাই। কিন্তু পারছি না। এ ব্যথা আরো কিছুদিন বয়ে বেড়াতে হবে জানি। কিন্তু রুবেল ভাই এমন তো কথা ছিলো না। আপানার সাথে স্মৃতির পসরা সাজানোর সময়তো আমার পাওনা ছিলো। আমার এ আফসোস আমৃত্যু তাড়া খাওয়া মাছে মতো গন্তব্য খুঁজবে। কিন্তু আর সে সুযোগ হবে না। ভাবতে দীর্ঘশ্বাস ছোট হয়ে আসা। যেন দম আটকানো কষ্ট।

Model Hospital

এখন আর আগের মতো চাঁদপুর সদর হাসপাতালে যাওয়া হয় না। করোনাকালীন সময়ে যতোটা গিয়েছি। এখন মাঝে মাঝে আরএমও-এর রুমের পাশে গেলে আনমনে রুবেল ভাইকে খুঁজি। কিন্তু তিনি যে পদোন্নতি পেয়েছেন তা মনে পড়ে স্বাভাবিক হওয়ার পর।

আমার দৈনিক শপথ পত্রিকাটির বিশেষ শুভাকাঙ্খি ছিলেন ডাঃ রুবেল ভাই। আমি তার আন্তরিকতায় এতোটাই মুগ্ধ ছিলাম যে, একবার অফার দিয়েছি পত্রিকার কোটায় রুবেল ভাইকে চাঁদপুর প্রেসক্লাবের সদস্য বানাবো। কিন্তু তিনি মনে করিয়ে দিলেন তাঁর প্রকৃত বাড়ি চাঁদপুর না। মানে তিনি চাঁদপুরের ভোটার নন। আমি যেন আসমান থেকে পড়ি। হয়তো আমার মতো অনেকেই মনে করেন রুবেল ভাইয়ের বাড়ি চাঁদপুর জেলার কোন না কোন স্থানে। অনেকে গতকাল ডাঃ রুবেল ভাই প্রয়াত হওয়ার পর জেনেছেন তিনি জন্মসূত্রে বরিশালের ছেলে। বেড়ে উঠেছেন রাজধানী ঢাকা শহরে।

কিন্তু রুবেল ভাই আপনি আপনার আচার-আচরণ এবং কর্মগুণে চাঁদপুরের মানুষ হয়ে রইলেন। আপনাকে যারা চিনে বিশ্বাস করুন সবাই খুব ভালোবাসে। কত ভালোবাসে আপনি তা চিন্তাও করতে পারেননি। আমার মতো অনেকেই আপনার পরকালীন সুখ প্রত্যাশা করে। আপনি ভালো থাকুন, ঘুমান পরাম শান্তিতে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ