বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বাক্ষী জানে না মামলার খবর প্রতিপক্ষকে ফাঁসাতে আদালতে মিথ্যা মামলার অভিযোগ

“বাদীর পক্ষে আদালতে একতরফা প্রতিবেদন দাখিলের অভিযোগ এএসআই’র বিরুদ্ধে”

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১০:২৫ পিএম
“বাদীর পক্ষে আদালতে একতরফা প্রতিবেদন দাখিলের অভিযোগ এএসআই’র বিরুদ্ধে”

প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে মো. কামাল উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কামাল উদ্দিন চাঁদপুরের কচুয়া উপজেলার মাছিমপুর গ্রামের আলী মিয়ার ছেলে। ভুক্তভোগী বিবাদী মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার ডাঃ ওমর ফারুক শাহীন। এদিকে এ মামলার স্বাক্ষীরাই জানেন না দায়েরকৃত মামলার খবর। কচুয়া থানার জিডি ও মামলার সূত্র ধরে সংবাদ সংগ্রহে গিয়ে এমন চাঞ্চল্যকর মামলার তথ্য উঠে আসে।

জিডি ও মামলার নথি সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আলী আশর্^াদ শেখের ছেলে ডা. ওমর ফারুক শাহীনের বিরুদ্ধে কচুয়া থানায় চলতি বছরের ১৮ মার্চ মোঃ কামাল উদ্দিন নামে ওই ব্যক্তি হত্যার হুমকির অভিযোগ এনে একটি জিডি করেন। যার নং ৯৫৪। পরবর্তীতে উক্ত জিডিটি নন-এফআইআর নং ৯৪/২৩ মামলা হিসেবে দন্ডবিধি আইনের ৫০৬ (২) ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। উক্ত মামলায় ১নং স্বাক্ষী দেওয়া হয় কচুয়া উপজেলার বক্সগঞ্জ গ্রামের মৃত ইয়াছিনের ছেলে মোঃ গোলামুর রহমানকে এবং ২নং স্বাক্ষী দেওয়া হয় একই উপজেলার পালাখাল গ্রামের আব্দুল মুনাফ মোল্লার ছেলে মো. জাকির হোসেনকে। অপর স্বাক্ষী দেওয়া হয় তার আপন শ্বশুর মো. আলমগীর হোসেনকে। মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার এএসআই রমজান আলী মামলায় উল্লেখিত স্বাক্ষীদের স্বাক্ষগ্রহণ করে মামলাটি আদালতে পাঠিয়েছেন মর্মে মামলার নথিপত্রে উল্লেখ রয়েছে। কিন্তু এই মামলার সূত্র ধরে সংবাদ সংগ্রহে গেলে জানা যায় ২নং স্বাক্ষী নিজেই জানেন না এই মামলার খবর এবং কেউ তার কাছ থেকে কোন তথ্য সংগ্রহ করেননি বলেও জানান।

সরেজমিনে গিয়ে মামলার বিষয়ে জানতে চাইলে মামলার ১নং স্বাক্ষী মোঃ গোলামুর রহমান মামলার তারিখ ও বাদীকে হত্যার হুমকি সংক্রান্ত সঠিক কোন তথ্য দিতে পারেননি।

এদিকে মামলার ২নং স্বাক্ষী মো. জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, মামলার বাদী মোঃ কামাল উদ্দিনের পূর্বে দায়ের করা ৪৭৮/২০২২ নং মামলা তুলে নেয়া বা তাকে হত্যার হুমকি দেয়া সংক্রান্ত কোন তথ্য আমার জানা নেই। মামলায় উল্লেখিত তারিখ ও সময়ে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। কেউ আমার কাছ থেকে কোন স্বাক্ষীও নেয়নি। এমনকি আমি এ মামলার বিবাদী মতলব দক্ষিণ উপজেলার ডা. ওমর ফারুক শাহীনকে কখনো দেখিনি এবং তাকে আমি চিনিও না। জাকির হোসেনের এসব বক্তব্যের একটি ভিডিও ফুটেজ রয়েছে এ প্রতিবেদকের কাছে।

Model Hospital

মামলার বিবাদী ডা. ওমর ফারুক শাহীন অভিযোগ করে বলেন, যেখানে মামলার স্বাক্ষী আমাকে চেনেন না, মামলা সম্পর্কে জানেন না তাহলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রমজান আলী কিভাবে স্বাক্ষীদের সাথে কথা না বলে অনৈতিক ভাবে মোঃ কামাল উদ্দিনের পক্ষে একতরফা প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ডাঃ ওমর ফারুক শাহীন আরও জানান, জিডির তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার এএসআই মো. রমজান আলী আমাকে ডাকলে আমি কচুয়া থানায় স্বশরীরে উপস্থিত হয়ে আমার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করি এবং জিডিতে উল্লেখিত তারিখে আমি ঢাকার সেগুন বাগিচায় কোয়ালিটি ফার্মাসিউটিক্যালের হেড অফিসে ব্যাবসায় সংক্রান্ত মিটিংয়ে উপস্থিত ছিলাম বলে জানাই। সেখানে যাওয়ার আসার বাস টিকেট এবং মিটিংয়ে উপস্থিতি বিষয়ে কোয়ালিটি ফার্মাসিউটিক্যালের প্রত্যয়ন পত্রও আমার কাছে রয়েছে। তিনি আরও জানান, আমার বাড়ি থেকে মামলার বাদীর ব্যবসাস্থল কচুয়া উপজেলায় প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই বিশাল দূরত্বে আমি একা কিভাবে তিন জন স্বাক্ষীর উপস্থিতিতে বাদীকে হত্যার হুমকি দিয়ে নিরাপদে মতলবে ফিরে আসতে পারি। তিনি বলেন বিষয়টি যে সাজানো তা এ থেকেই অনুমান করা যায়। ইতিপূর্বেও মোঃ কামাল উদ্দিন আমার বিরুদ্ধে অন্যায় ভাবে চেক ডিজঅনারের একটি মামলা করেছেন। মামলা নং ৪৭৮/২০২২ইং। উক্ত মামলায় মোঃ কামাল উদ্দিন হেরে যাওয়ার উপক্রম হলে নতুন করে আবার হত্যার হুমকির মতো একটি মিথ্যা জিডি করেন। এটা আমার সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস মাত্র।

মামলা সম্পর্কে তথ্য জানতে মামলার বাদী মোঃ কামাল উদ্দিনের সাথে তার ব্যবহৃত মুঠোফোনে (০১৯৭৬১৬৭৮৩৭) যোগাযোগ করলে তিনি মামলায় সকল তথ্য সঠিক বলে জানান। স্বাক্ষীরা বিবাদীকে চিনেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই চিনেন এবং মামলা সম্পর্কে অবগত আছেন। আর বিষয়টি আদলাতে প্রমাণ হবে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ রমজান আলী বলেন, বাদী মো. কামাল উদ্দিন জিডি করার সময় আমাকে স্বাক্ষীদের নাম সরবরাহ করেন। আমি তাদের সাথে কথা বলে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। তদন্ত প্রতিবেদনের তথ্যের সঠিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।