বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতামূলক সভা

জেলে কার্ড বাতিল করা হবে : চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১১:৪৯ পিএম
জেলে কার্ড বাতিল করা হবে : চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান

২০২৩- ২৪ ১৪ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১২ অক্টোবর সকালে চাঁদপুর বড়স্টেশন মোলহেডে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করতে সরকারের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করবে। কাউকে ছাড় দেয়া হবে না, আমরা চাই না কোনো জেলে নদীতে মাছ শিকার করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে জেলে খাটুক, তার পরিবার কষ্টে থাকুক।

Model Hospital

তিনি জেলেদেরকে পরামর্শ দিয়ে বলেন, অভিযানের ২২ দিন আপনারা আপনাদের পরিবারকে সময় দিন, জাল এবং নৌকা মেরামত করুন। কেউ অসুস্থ থাকলে তাকে চিকিৎসা দিন, সামাজিক কাজ করুন। ২২ দিন এমনিতেই কেটে যাবে। অভিযানে নদীতে মাছ শিকার না করার জন্য সরকার আপনাদেরকে প্রায় সারাবছর বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। মা ইলিশ ডিম ছাড়লে এতে আপনারাই লাভবান হবেন।

একটা ইলিশ ১৫ থেকে ২৩ লাখ ডিম ছাড়ে, ইলিশ সারাবছর ডিম ছাড়ে না, তবে এ সময়টাতে ঝাঁকে ঝাঁকে ইলিশ বঙ্গোপসাগর থেকে এসে দেশের প্রায় ৩৪টি জেলায় ডিম ছাড়ে, এর মধ্যে সবচেয়ে বেশি পদ্মা ও মেঘনায় মা ইলিশের বিচরণ বেশি লক্ষ্য করা যায়। ইলিশের জন্য দেশে এবং বিদেশে চাঁদপুরের সুনাম রয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

জেলা প্রশাসক আরো বলেন, অভিযান চলাকালীন সময়ে আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ অপরাধের সাথে জড়িত এবং সহযোগিতাকারী কাউকে ছাড় দেয়া হবে না।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবু রশীদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইলিশ গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুর রহমান, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেঔলা কান্ট্রিফিশিং মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক ও সাধারণ সম্পাদক তসলিম বেপারী।

সচেতনতামূলক সভা শেষে মা ইলিশ সংরক্ষণ বিষয়ক লিফলেট উপস্থিত জনসাধারণের মাঝে বিতরণ করেন টাস্কফোর্স কমিটির সদস্যরা। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে মেঘনা মোহনায় নৌ র‌্যালি বের হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ