বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামালপুরে

সেনাসদস্যকে হত্যা মামলায় ওসি ও দুই পুলিশসহ ৪ জনের যাবজ্জীবন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৯:১৭ পিএম
সেনাসদস্যকে হত্যা মামলায় ওসি ও দুই পুলিশসহ ৪ জনের যাবজ্জীবন

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য আব্দুল বারিককে পিটিয়ে হত্যার দায়ে রেলওয়ে থানার সাবেক ওসি ও দুই পুলিশ সদস্যসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মুহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর রেলওয়ে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌরচন্দ্র মজুমদার, সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব আলী, সাবেক কনস্টেবল তপন বড়ুয়া ও জামালপুর রেলওয়ের টিকিট কালেক্টর (টিসি) আনিছুর রহমান।

মামলা ও আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১১ জুলাই বীর মুক্তিযোদ্ধা ও সেনাসদস্য আব্দুল বারিক তার ছোট ছেলে মাজহারুল হক বাবুকে বাসা থেকে জামালপুর রেলস্টেশনে নামিয়ে দিয়ে যান। মাজহারুল হক তার তিন বন্ধুকে নিয়ে যমুনা সেতু (পূর্ব) পর্যন্ত লোকাল ট্রেনের চারটি টিকিট কাটেন। এসময় লোকাল ট্রেন এলে তিনজন এক বগিতে ওঠেন ও মাজহারুল ওঠেন অন্য বগিতে। পরে টিকিট কালেক্টর (টিসি) আনিসুর রহমান মাজহারুলের কাছে টিকিট চাইলে তিনি বলেন যে, তার টিকিটটি অন্য বগিতে তার বন্ধুর কাছে রয়েছে।

Model Hospital

একথা শোনার পর মাজহারুলকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশনের একটি রুমে বন্ধ করে রাখেন টিসি। পরে বাবা আব্দুল বারিক স্টশনে গিয়ে ছেলেকে বের করে আনেন এবং রেলওয়ে থানার ওসি ও দুই পুলিশের কাছে ছেলেকে আটকে রাখার কারণ জানতে চান। এনিয়ে তাদের সঙ্গে মুক্তিযোদ্ধার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে আঘাত করে পুলিশ। তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সেনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে শাহ মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জিআরপি থানায় মামলা করেন। মামলায় জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, এএসআই সোহরাব ও টিসি আনিসুর রহমানকে আসামি করা হয়।

মামলার দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে রেলওয়ে থানার সাবেক ওসি ও দুই পুলিশ সদস্যসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital