সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ আদর্শ একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে

শিক্ষা জীবনের সময়কে মূল্যায়ন করতে হবে : ইউএনও সুলতানা রাজিয়া

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:২৬ পিএম
শিক্ষা জীবনের সময়কে মূল্যায়ন করতে হবে : ইউএনও সুলতানা রাজিয়া
“শিক্ষা জীবনের সময়টাই হলো নিজের ভবিষ্যৎ গঠনের সেরা সুযোগ। এই সময় যদি সঠিকভাবে কাজে না লাগানো হয়, তাহলে জীবনের বাকি সময়টা অনুশোচনায় কাটাতে হতে পারে” এমন বার্তা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।
সোমবার (৪ আগস্ট) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জের  ‘আদর্শ একাডেমির’-এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইউএনও সুলতানা রাজিয়া। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া তার বক্তব্য ছিল সময়ানুগ, বাস্তবভিত্তিক এবং উদ্বুদ্ধমূলক।
তিনি আরও বলেন, “বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, অনেক শিক্ষার্থী বইয়ের সঙ্গে সম্পর্ক না রেখে মোবাইল ফোনসহ নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক।
অভিভাবকরা কষ্টার্জিত অর্থ ব্যয় করে সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন, যাতে তারা ভবিষ্যতে নিজের পরিবার ও দেশের জন্য অবদান রাখতে পারে। শিক্ষা জীবনের এই মূল্যবান সময় যদি অলসতা ও ফাঁকিবাজিতে নষ্ট করা হয়, তাহলে ভবিষ্যতে সময় পেলেও তা আর কাজে লাগানো যাবে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি এখন থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করো, তাহলে সফলতা তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে। সৎ, নীতিবান এবং মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান খান এবং সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ মো. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলালী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান,
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ৬ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। ২০২৪ সালের  বৃত্তিপ্রাপ্ত ২৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র দেওয়া হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
বিদ্যালয়ের পরিবেশে তখন ছিল উৎসবমুখর ও উদ্দীপনাময় দৃশ্য। শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি এবং অভিভাবকদের চোখেমুখে সন্তুষ্টির ঝিলিক।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।