রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে শ্মশান থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুরোহিত

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:২৮ পিএম
ফরিদগঞ্জে শ্মশান থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুরোহিত
চাঁদপুরের ফরিদগঞ্জে শ্মশানের পূণ্য কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন শুভ চক্রবর্তী নামে এক পুরোহিত।
রোববার (২৬ অক্টোবর ২০২৫) দিনগত রাতে চাঁদপুর–ফরিদগঞ্জ–রায়পুর আঞ্চলিক মহাসড়কের নারকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা এ সময় পুরোহিত শুভ চক্রবর্তী ও তার সহযোগী প্রদীপ দাসের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
পুরোহিত শুভ চক্রবর্তী জানান, তিনি ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের বিজয় কৃষ্ণের বাড়িতে এক মৃত ব্যক্তির শ্রাদ্ধ ও পূণ্যকর্ম সম্পাদনের জন্য হাজীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে আসেন। কাজ শেষে রাত প্রায় ১২টার দিকে প্রদীপ দাসকে সঙ্গে নিয়ে ফেরার পথে নারকেলতলা এলাকায় পৌঁছালে চারজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাদের গতি রোধ করে ছিনতাই চালায়।
ঘটনার পর সোমবার (২৭ অক্টোবর) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।