সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নামাজে যাওয়ার পথে মুসল্লিকে কু পিয়ে জখ ম

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:১২ পিএম
শাহরাস্তিতে নামাজে যাওয়ার পথে মুসল্লিকে কু পিয়ে জখ ম
শাহরাস্তিতে ফজরের নামাজে যাওয়ার পথে এক মুসল্লিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।
সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার মেহের দক্ষিণ ইউপির  মালোরা গ্রামের  ভূঁইয়া বাড়ি সংলগ্ন মসজিদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ, আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক পাঁচটার দিকে মুসল্লি মোস্তফা মিয়া (৬০) প্রতিদিনের মতো আজান ও নামাজ পড়তে  মসজিদে যাচ্ছিলেন। মসজিদের আঙিনায় পৌঁছানোর আগেই পুকুরপাড়ে মুখোশধারী একদল দুর্বৃত্ত পিছন থেকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।
আহতের স্বজনরা আরো জানান, মোস্তফা মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী প্রতিবেশী মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আহত মোস্তফা মিয়া জ্ঞান ফিরলে স্বজনদের কাছে হামলাকারী হিসেবে মিজানুর রহমানের নাম উল্লেখ করেন। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে।
এ ঘটনায় আহতের স্বজন মোশারফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা (এফআইআর নং–১৮, তারিখ: ২৭ অক্টোবর ২০২৫; জি.আর নং–১৬৭/২৫;ধারা:১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন। মামলার আসামি হিসেবে একই এলাকার মিজানুর রহমান (৫৫) ও তার স্ত্রী ফুল বানু (৪৫) ও অজ্ঞাত আসামির নাম উল্লেখ করা হয়েছে।পুলিশ অভিযান চালিয়ে ওই নারী আসামি ফুল বানুকে আটক করে আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) বলেন, “ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নারী আসামিকে গ্রেফতার করেছে। তদন্তে ঘটনার অন্যান্য দিকও বেরিয়ে আসবে।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।