রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতা কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:৩১ পিএম
বিএনপি নেতা কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল
জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রফিকের পিতার জানাজায় বিএনপির নেতাকর্মীসহ হাজারো মুসল্লির ঢল নেমেছে।
শনিবার (১ নভেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন কাজী রফিকের পিতা আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। একই দিন বাদ মাগরিব তাঁর নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের সরখাল কাজী বাড়ির মসজিদের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ হান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী মোতাহের হোসেন পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুর রহমান ভিপি, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, শাহ্ মোহাম্মদ ইকবাল লিটন, ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খান, সাবেক সভাপতি ডা. ওমর ফারুক ও আবু তাহের গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন মিয়াজীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মরহুম আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী জীবদ্দশায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ও সম্মানিত ব্যক্তিত্ব। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানরা সকলে উচ্চশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের সরখাল গ্রামের কৃতি সন্তান মরহুম ফখরুল ইসলাম কাজীর রুহের মাগফেরাত কামনায় তাঁর জ্যেষ্ঠ পুত্র কাজী রফিক সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।