বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মায়ের চোখের সামনেই ছেলের মৃত্যু

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম
চাঁদপুরে মায়ের চোখের সামনেই ছেলের মৃত্যু
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মায়ের চোখের সামনে বাস চাপায় মাহফুজ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৬ টা ১০ মিনিটের সময় মহামায়া পশ্চিম বাজার এলাকায় আড়িবাড়ি রাস্তার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ফজরের নামাজের পর শিশু সন্তানকে নিয়ে বাড়ির পাশে চাঁদপুর-কুমিল্লা সড়কের অপর পাশে মক্তবে যাচ্ছিলেন মা জয়নব বেগম। সড়ক পার হওয়ার জন্য দুজনে দাঁড়িয়ে ছিল, কিন্তু পাশে একটি সিএনজি থাকায় সড়কে কিছু দেখতে না পেয়ে শিশুটি মায়ের হাত থেকে ছুটে গিয়ে রাস্তা পার হতে গিয়েই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সৌদিয়া বাসের নিচে ঢুকে পড়ে। তখন শিশুটিকে চাপা দিয়ে বাসটি চলে যায়। এসময় মায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।
মায়ের সামনে সন্তানের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন এবং খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই মোখলেস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং শিশুর লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। নিহত শিশু মাহফুজ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল পাটওয়ারী বাড়ির মাইনুল ইসলামের ছোট ছেলে। সে আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলুম মহামায়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক মাইনুল ইসলাম মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম এর দায়িত্ব পালন করছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন। এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, দিনের শুরুতে মায়ের সামনে এমন মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক। আমি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে পরিবার চাইলে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।