সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম
শাহরাস্তিতে জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের বর্ণাঢ্য বিজয় র‍্যালি
চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে  ৫৫তম মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার পৌর শহরের কালিয়াপাড়াস্থ জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে আয়োজিত এ র‍্যালিতে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী মতিন সাহেব এস্টেট (Matin Shaheb Estate)-এর উদ্যোক্তা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচালক, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী মেজবাহ কবির।
র‍্যালিটি মতিন সাহেব এস্টেট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে সূয়াপাড়া ও কালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স চত্বর অতিক্রম করে।
র‍্যালিতে এস্টেট পরিচালনাধীন জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং জোবেদা মতিন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছিল জাতীয় পতাকা ও বিজয় দিবসের চেতনাসম্পন্ন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। দেশাত্মবোধক গান ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মেজবাহ কবির বলেন, “মহান মুক্তিযুদ্ধের বিজয়ের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, নৈতিক ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” তিনি এ ধরনের শিক্ষামূলক ও দেশাত্মবোধক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বীর শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় গার্লস গাইড সদস্যদের ভেনপাটি পরিবেশন, জাতীয় নেতৃবৃন্দের ছবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বিদ্যালয়ের দুই নারী শিক্ষক ও শিক্ষার্থীরাও বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা গত বছর ২১ ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসের প্রয়াত ও আহত শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।