রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:০৫ পিএম
শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ
শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গত ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি শাহরাস্তি পৌরসভার ছিকুটিয়া, নরসিংহপুর, খিলাবাজার এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ এলাকায় পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত মাটি ব্যবসায়ী আবুল হোসেন (৪০), পিতা মহরম আলী, সাং নিজ মেহেরকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে উপজেলা আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, “কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই ফসলি জমির টপ সয়েল কাটা সহ্য করা হবে না। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “অভিযান চলাকালে আমরা প্রমাণসহ অবৈধ মাটি উত্তোলনের কার্যক্রম শনাক্ত করি। আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।