বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে  ট্রলি ও হুইল চেয়ার প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৫:৪১ এম
ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে  ট্রলি ও হুইল চেয়ার প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমার বাবা সবসময় মানুষের জন্যে কাজ করেছেন। আজকে আমরা যা দিয়েছি এর কারণে সেবা নিতে আসা রোগীদের কিছুটা হলেও কাজে লাগবে। চেষ্টা করছি যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানো। আমি চেষ্টা করছি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। আমার চেষ্টার কোন ত্রুটি নেই।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রোগী বহনকারী ট্রলি ও হুইল চেয়ার প্রদান এবং শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই বলা যাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা। কারণ জাতির পিতা সবসময়ই মানুষের জন্যে করে গেছেন।

তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, এ হাসপাতালের সেবার মান অনেক ভালো হয়েছে। আরো ভালো হওয়ার দরকার আছে এবং হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এখানে জনগণদের সেবার জন্যে আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাই নিজ দায়িত্ব অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন তাদের জন্যে শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক  কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. গোলাম কাউসার হিমেল, ডা. সাজেদা পলিন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল, সিনিয়র কনসালটেন্ট ডা. সালেহ আহম্মদ, ডাঃ রফিকুল হাসান ফয়সাল ও আনিসুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে রোগীদের জন্য ৬টি হুইল চেয়ার এবং ৪টি ট্রলি বিতরণ করেন মন্ত্রী।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।