বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মী কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত, অনির্দিষ্টকালের জন্য সংবাদ বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মী কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত, অনির্দিষ্টকালের জন্য সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখছেন আবু হেনা মোস্তফা কামাল।

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ কর্মরত সাংবাদিক ও ফরিদগঞ্জ প্রেসক্লাব।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভা থেকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। কয়েকদিন আগে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে ‘দৈনিক ইত্তেফাক’-এর উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনের ওপর হামলা চালায় কতিপয় বিএনপি কর্মী। পরবর্তীতে স্থানীয় সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের অনুরোধ ও হস্তক্ষেপে বিষয়টি সমঝোতার পর্যায়ে পৌঁছায়। তবে সেই রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার রাতে আবারও সাংবাদিক মো. মহিউদ্দিনকে গালাগালি ও খোঁজাখুঁজি করে । এ সময় সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাছানকে মারধর করতে উদ্যত হয় তারা এবং প্রেসক্লাবভুক্ত সাংবাদিকদের উদ্দেশ্যে সরাসরি হুমকি-ধমকি প্রদর্শন করা হয়।
এছাড়া বক্তারা আরও অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্রের তথ্য সংগ্রহ, উপজেলা পরিষদে টেন্ডার সংক্রান্ত সংবাদ কাভারেজ এবং থানা এলাকায় কাজ করতে গিয়ে একাধিকবার সাংবাদিকরা হুমকি, গালাগাল ও কুপিয়ে জখম করার হুমকির মুখে পড়েছেন।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সহকর্মীদের ওপর অব্যাহত হামলা, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল সংবাদ প্রকাশ ও প্রচার অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গৃহীত হলো। বুধবার (২৮ অক্টোবর) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
তবে ফরিদগঞ্জে বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও, দলের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ যদি নিজ উদ্যোগে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করেন এবং এসব ন্যক্কারজনক ঘটনার স্থায়ী সমাধান করতে পারেন, তবে প্রেসক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে বলে জানান তিনি।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান,  সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন ও নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান সহ-সভাপতি মো. মহিউদ্দিন ও দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাছান, আনিসুর রহমান সুজনসহ আরও অনেকে।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷