শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাজারবাগ পীরের সম্পদের খোঁজে ১২২ প্রতিষ্ঠানে দুদকের চিঠি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১১:৩৪ এম
রাজারবাগ পীরের সম্পদের খোঁজে ১২২ প্রতিষ্ঠানে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক : রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের খোঁজে ১২২টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার এসব তথ্য জানান।

দুদকের চিঠি দেওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি ৫৬টি ব্যাংক, দেশের ৬৪ জেলা রেজিস্ট্রার, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও বনশিল্প উন্নয়ন করপোরেশন।

দুদক সচিব বলেন, রাজারবাগ পীরের দুর্নীতি অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। তারা কার্যক্রম শুরু করেছে। দুদকের পক্ষ থেকে দেশের ৫৬টি ব্যাংক, দেশের ৬৪ জেলা রেজিস্ট্রার, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়েছে। কোথায় কোথায় জমি দখল হয়েছে, কিংবা অবৈধ সম্পদ কোথায় রয়েছে, তা খতিয়ে দেখার জন্য চিঠি দেওয়া হয়েছে।

Model Hospital

জিজ্ঞাসাবাদের জন্য পীরকে তলব করা হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিম রাজারবাগ এলাকা পরিদর্শন করেছে। অনুসন্ধান কর্মকর্তা যদি মনে করেন, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। অন্যদিকে অনুসন্ধানে যদি আরও সময় প্রয়োজন হয়, দুদক টিম আদালতের অনুমতি নিয়ে কার্যক্রম শেষ করবে।

গত ১৬ নভেম্বর অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যদের টিম গঠন করা হয়। টিমের অন্যরা হলেন, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও মো. আলতাফ হোসেন। আর তদারককারী কর্মকর্তা হিসেবে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

দুদক সূত্রে জানা যায়, ধর্মের নামে মানুষকে ধোঁকা দিয়ে সাত হাজার একর জমি দখলের অভিযোগে রাজারবাগ শরিফের পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়। আদালতের নির্দেশে ৩০ নভেম্বরের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বিভিন্ন সূত্রে জানা যায়, রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানসহ তার অনুসারীরা কমপক্ষে ৮০০টি ভুয়া মামলা করেছেন। এক ব্যক্তির বিরুদ্ধে ৪৯টি মামলা দেওয়ার তথ্যও রয়েছে। এসব মামলার পেছনে রয়েছে সাত হাজার একর জমি ও রাবার বাগান দখল। পীরের পক্ষে তার অনুগতরা এসব মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। মামলাগুলো স্থগিত করে পীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। শুধু তা-ই নয়, এর আগে জাতীয় মানবাধিকার কমিশন রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের যে সুপারিশ করে, তা বাস্তবায়নের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন আদালত। একইসঙ্গে পীরের অনুসারীদের বিরুদ্ধে করা আটটি মামলা তদন্তেরও নির্দেশ দেওয়া হয়।

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবারের পীর দিল্লুর রহমান এবং তার দরবারের সব সম্পত্তির হিসাব চেয়ে আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে দরবার শরিফের সব সম্পদের তথ্য খুঁজতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেন। এ ছাড়া, তাদের জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং উচ্চ আদালতে রিটকারী আটজনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন দিল্লুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital