বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন

প্রতীক বরাদ্দ পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী ৬৭ প্রার্থী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩, ১১:৫৯ পিএম
প্রতীক বরাদ্দ পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী ৬৭ প্রার্থী

আজ সোমবার প্রতীক বরাদ্দ পাচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পরবর্তী দিন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের কথা রয়েছে। এ হিসেবে রিটার্নিং কর্মকর্তারা সোমবার সব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন।

এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সোমবার থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। ফলে এদিন থেকেই প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করবেন। ছেংগারচর পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আরিফ উল্যাহ সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও বিএনপি নেতা আবদুল ওয়াদুদ মাষ্টার।

প্রতীক বরাদ্দের বিষয়ে জানতে চাইলে ছেংগারচর পৌরসভার রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, আমরা সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেব। বিধি অনুযায়ী রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীরা তাদের দলীয় প্রতীকই বরাদ্দ পাবেন। স্বতন্ত্রপ্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের বেছে নিতে পারবেন। তবে, কোনও প্রতীক একাধিক প্রার্থী পছন্দ করলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হবে।

Model Hospital

পৌরসভা নির্বাচন বিধিমালা অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীর জন্য মোট ৪০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থীদের জন্য ১২টি প্রতীক, সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচনের জন্য ১০টি ও সাধারণ আসনের জন্য ১২টি বরাদ্দ রাখা হয়েছে।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে পাঁচ (স্বতন্ত্র) মেয়র ও চারজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার (২৫ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের নিকট তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আমেনা বেগম, মো. নাছির উদ্দিন মিয়া, মো. আলাউদ্দিন, মো. মাহবুবুর রহমান সেলিম, মিজানুর রহমান। কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আল-আমিন, ২ নম্বর ওয়ার্ডে আয়নাল হক বেপারী, ৩ নম্বর ওয়ার্ডে মুরাদ সিকদার ও ৮ নম্বর ওয়ার্ডে মো. মফিজল সিকদার মাহফুজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৩৩ হাজার ৩৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২জন ও নারী ভোটার ১৬ হাজার ৩৩৪ জন।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজী রতন বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্যাহ সরকারের পিতা মরহুল অলিউল্যাহ সরকার দীর্ঘসময় ছেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি বীর মুক্তিযোদ্ধা। এ পরিবার জনগণের সাথে সবসময়ই সম্পৃক্ত ছিলেন। তাকে দলীয় মনোনয়ন দেয়ার নেতা-কর্মী ও ভোটাররা আনন্দিত।

নির্বাচনে নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকার বলেন, প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে তাকে পৌরবাসীর কাছে পাঠিয়েছেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে পৌরবাসীর ভাগ্যোন্নয়নের চেষ্টা করবেন।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. সেলিম হোসেন বলেন, পৌর এলাকায় জাতীয় পার্টির ব্যাপক ভোট রয়েছে। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সময়কালে এ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের কথা তুলে ধরা হবে ভোটারের কাছে। আমিও জয়ের ব্যাপারে আশাবাদী।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী মো. নুরুল হক সরকার বলেন, আমার স্ত্রী আমেনা বেগম দুই বারের মেয়র ছিলেন এ পৌরসভার। তার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

এছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল ওয়াদুদ মাষ্টার বলেন, আমি এ পৌরসভার সাবেক কমিশনার ছিলাম। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ সময় শিক্ষকতা করে আসছি। দলমত নির্বিশেষে সকরের কাছে আমার গ্রহনযোগ্যতা রয়েছে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ