শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কমিটি বিলুপ্তির দেড় বছরেও হয়নি ছাত্রলীগের কমিটি, ব্যানার-ফেস্টুনে সীমাবদ্ধ ছাত্র রাজনীতি

রাফিউ হাসান হামজা প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৬:৫৩ পিএম
শাহরাস্তিতে কমিটি বিলুপ্তির দেড় বছরেও হয়নি ছাত্রলীগের কমিটি, ব্যানার-ফেস্টুনে সীমাবদ্ধ ছাত্র রাজনীতি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ১৪ নভেম্বর। দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও এখনও কমিটি গঠন করার কোনও উদ্যোগ নেয়নি জেলা ছাত্রলীগ। ফলে নেতৃত্বহীন হয়ে সাংগঠনিকভাবে দুর্বল ও বেহাল হয়ে পড়েছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি। বর্তমানে শুধু ব্যানার-ফেস্টুনেই টিকে আছে শাহরাস্তি ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব একাধিক ছাত্রলীগ পদ প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির থাকলেও বাস্তবিক অর্থে তারা মাঠে অনেকেই নেই।
কমিটি গঠন না করায় নতুন নেতৃত্ব যেমন তৈরি হচ্ছে না, তেমনি এর সাংগঠনিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। এরই মধ্যে কমিটিতে পদপ্রত্যাশী অনেক ছাত্রনেতা রাজনীতি থেকেই নিজেদের গুটিয়ে নিয়েছেন। বেশ কয়েকজন সাংসারিক জীবনেও প্রবেশ করেছেন এবং কর্মের জন্য বিদেশেও চলে গিয়েছে। আর যে কয়েকজন এখনও সক্রিয় রয়েছেন, তারাও বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ছেন। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে কমিটি না থাকায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একেবারেই দিশেহারা হয়ে পড়েছে। সম্মেলনের পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের অর্ধশতাধিক সিভি জমা পড়লেও বর্তমানে হাতেগোনা অল্প কয়েকজন এখন পর্যন্ত সেই দৌড়ে টিকে আছেন।
অন্যদিকে শাহরাস্তিতে বিভিন্ন ইউনিয়ন ও কলেজের অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কার্যক্রম বেশ সচল রয়েছে। ইতোমধ্যে ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনও ভালোভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে কমিটি না থাকায় শাহরাস্তি ছাত্রলীগের বিভিন্ন প্যানেলের কর্মী নিজেদের পদধারী সাবেক নেতা দাবি করে আধিপত্য বিস্তারের চেষ্টায় মাঝেমধ্যেই বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছেন। যার ফলে ঐতিহ্যবাহী গৌরবময় ইতিহাসের এই ছাত্র সংগঠনটির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
সাবেক ছাত্রলীগ নেতারা বলেন, সম্মেলনের ৮ মাস শেষ হয়ে গেছে। দীর্ঘদিন কমিটি না থাকার কারণে উপজেলাটি অভিভাবকহীন অবস্থায় আছে। শাহরাস্তিতে সবচেয়ে সক্রিয় এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার মতো সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু দীর্ঘদিন কমিটি না থাকায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে দুর্বল হয়ে পড়েছে। আমরা চাই কমিটি হোক এবং আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম পূর্বের মতো সচল হোক। তাই জেলা ছাত্রলীগের বর্তমান নেতাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে অবিলম্বে কমিটি ঘোষণার জোর দাবি জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের পদপ্রত্যাশী একাধিক নেতা বলেন, দীর্ঘদিন নেতৃত্বহীন অবস্থায় থাকায় ছাত্রলীগের উপজেলায় অবস্থান দুর্বল হয়ে পড়েছে। প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী নেতাকর্মী ছিল। বর্তমানে হাতে গোনা অল্প কয়েকজন মাঠে আছেন। বাকিরা রাজনীতি ছেড়ে নিজেদের মতো আছে। যারা দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শ ও নিষ্ঠার সাথে রাজনীতি করে আসছে, ছাত্রলীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করে আসছে, কমিটি না দিয়ে তাদের প্রতি অবিচার করা হচ্ছে।
সাবেক ছাত্রনেতা ও বর্তমান শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু বলেন, ছাত্র রাজনীতিতে অভিভাবকহীন অবস্থায় চলমান সংকটের ফলে ভবিষ্যতে নেতৃত্ব সংকটে পড়বে উপজেলা ছাত্রলীগ। উপজেলায় কমিটি বিলুপ্ত হওয়ার পূর্বেও শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের পূর্বের কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি কখনও দিতে পারে নি। এমনকি বিভিন্ন ইউনিয়ন ও কলেজগুলোতেও কমিটি ঠিক মতো দিতে পারে নি। তাই বর্তমানে নেতৃত্ব সংকট ও অচলাবস্থার জন্য দায়ী সাবেক ছাত্রলীগ নেতারাও।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।