বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ডেঙ্গু আক্রান্ত  ৮শ ৯৯ জন রোগী, কিট সংকট চরমে 

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৯:৩২ পিএম
শাহরাস্তিতে ডেঙ্গু আক্রান্ত  ৮শ ৯৯ জন রোগী, কিট সংকট চরমে 
শাহরাস্তিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
বর্তমানে সরকারি -বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক মিলে প্রায় ৮শ ৯৯ জন রোগী সনাক্ত সংবাদ মিলছে।
এদিকে সরকারি হাসপাতালে কিট সংকটে ডেঙ্গু রোগী শনাক্তকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। পূর্বে দেশের ডেঙ্গু সংক্রমিত অঞ্চল থেকে কেউ এ জনপদে ঘুরে এলে ওই ব্যক্তির শরীরে ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হওয়ার সংবাদ পাওয়া যেত। এবারেই প্রথম ভিন্ন চিত্র স্থানীয়ভাবে “এডিস এজিপ্টি” মশার কামড়ে ব্যক্তির শরীরে  ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ার আলামত পাওয়া গেছে ।
এ মৌসুমে অনেক  আক্রান্ত ব্যক্তিরা কোথাও  ভ্রমনে না যাওয়ার ইতিহাস থেকে এ তথ্য উপাত্ত উঠে এসেছে। এদিকে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা ও জনসচেতনতা না থাকায় রোগীর  সংখ্যা  বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না বলে বিভিন্ন সূত্র দাবি করছে ।
শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স, আক্রান্ত রোগী, বেসরকারি হাসপাতাল, সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ১১ফেব্রুয়ারি  শাহরাস্তি উপজেলার  চিতোষী  পশ্চিম ইউপির আয়নাতলী এলাকার  কোয়ার গ্রামের আব্দুল লতিফের  স্ত্রী আরাফাতুন্নেসা ৫২ ডেঙ্গুতে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই সালে শাহরাস্তি  উপজেলার ও আশপাশের এলাকা থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত  ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
২০২৩ সালে দেশব্যাপী ডেঙ্গু আগ্রাসনের সঙ্গে ০৬ জানুয়ারি  প্রথম উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউপির নরিংপুর গ্রামের দেলোয়ারের সাড়ে ৪ বছরের  কন্যা খাদিজার প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। ওই থেকে ১২ আগস্ট  অবধি ১২৬ ডেঙ্গু আক্রান্ত রোগীশনাক্তকরণ শাহরাস্তি  হাসপাতালে ভর্তি হয়। যার পরিমাণ গত  বছর থেকে প্রায় ২.৮৬ গুন বেশী।
এদিকে  চলতি বছর  আগষ্ট  মাসের প্রথম সপ্তাহে সরকারি হাসপাতালে  ২শ’ ৩২জন  রোগী ডেঙ্গু পরীক্ষা করে যার মধ্যে ১৮ জনের ডেঙ্গু সনাক্ত  হলেও বাকী  ২ শ’ ১৪ জনের রিপোর্ট  নেগেটিভ  আসে । এতে ৪৫ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে ।গত শুক্রবার ১৩জন  শনিবার রাত পর্যন্ত  ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে ।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১২ দিনে রোগী  ভর্তি পরিসংখ্যানে দেখা যায়, গত ১আগষ্ট  ০৫ জন, ০৬ জন,০ ৪ জন ০৪ জন,০৪ জন, ০ ৩ জন,০ ৭জন,  ০৩ জন,  ০৬ জন ০ ২ জন ১২ আগষ্ট ৬ জনসহ সর্বমোট ৫০ জন রোগী ভর্তি হন। যা পুরো বছরের সনাক্তকৃত রোগীর ৬৩ শতাংশ। এদিকে অত্র উপজেলায় ৮ টি বেসরকারি হাসপাতাল এবং ১২ টিডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ওই সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাশ মাধু ও সংশ্লিষ্ট প্রাইভেট হাসপাতাল  ডায়গনস্টিক সূত্র জানায়,উপজেলার বেসরকারি ৮ টি হাসপাতাল ৫ শ’ ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ও ১৮ টি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অন্তত ১৮৫ জন রোগী আক্রান্ত হওয়ার তথ্য মিলছে।
এ নিয়ে সর্বশেষ ৮শ ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেল। শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: অচিন্ত্য কুমার চক্রবর্তী  বলেন, অনেকের ডেঙ্গু নেগেটিভ হলেও রক্তের সি বি সি পরীক্ষায় প্লেটলেট কমে যাওয়া রোগীদেরকে  সিমটম মিলিয়ে ডেঙ্গু রোগী  হিসেবে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
সার্বিক  বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন আরো জানান, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এলাকার রোগী ছাড়াও আশপাশের এলাকা থেকে প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে এ হাসপাতালে । এ মৌসুমে রোগীরা ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪ আক্রান্ত হচ্ছে । তবে ডেঙ্গুর দুটি ধরনে  মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে যাদের রক্তের প্লেটলেট কমে যাওয়া  রোগীদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকায় রেফার্ড করা হচ্ছে।  ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য  একটি ইউনিট খোলা হয়েছে এ স্বাস্থ্য কমপ্লেক্স । সেখানে  ডে কেয়ার সার্ভিস চালু  রয়েছে।  এছাড়া  ডেঙ্গু  পরীক্ষার কিট সংকটের কথা বলে তিনি এর চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে জানান।
এদিকে সরকারি হাসপাতালের ল্যাব ইনচার্জ খোরশেদ আলম ও সহকারি প্রদীপ শংকর দাশ  জানান, অতীতে যে পরিমাণ মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে হাসপাতালে আসতো তার চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এই  মৌসুমে।
কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক এবং শাহরাস্তি বেরনাইয়া জেনারেল হাসপাতালের মালিক ডাঃ মোবারক হোসেন বলেন আমার হাসপাতালে ২ থেকে ২.৫  শ রোগীর ডেঙ্গুর সনাক্ত হয়েছে। বর্তমানে ৬ থেকে ৭ জন রোগী ভর্তি রয়েছে।
শাহরাস্তি পৌরসভায় মেয়র হাজী আব্দুল লতিফ বলেন জনসচেতনতায় মিটিং ও ফগার  মেশিন দিয়ে ঔষধ ছিটানো কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া সরকারি নির্দেশনা মেনে প্রতিদিনের  সড়কের ময়লা আবর্জনা ও পয়োনিষ্কাশন ব্যবস্থার কাজ  করা হচ্ছে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ