বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মানবিক চিকিৎসক, কোভিড সম্মুখ যোদ্ধা ডা. সুজাউদ্দৌলা রুবেল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১০ পিএম
মানবিক চিকিৎসক, কোভিড সম্মুখ যোদ্ধা ডা. সুজাউদ্দৌলা রুবেল
করোনাকালে অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সেবা দিয়ে চাঁদপুরবাসীর মন জয় করা মানবিক চিকিৎসক ডা. এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল আর নেই। শনিবার ২ সেপ্টেম্বর ৩টার দিকে চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড (প্রা.) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। তার অকাল মৃত্যুতে শোকাহত চাঁদপুরের চিকিৎসকরা।
মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ মাগরিব চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন কালেক্টর জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন।
জানাজার পূর্বে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর পরিচালনায় ডা. সুজাউদ্দৌলা রুবেলের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ হারুনুর রশিদ, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান ডাঃ সাইফুল ইসলাম, মরহুমের ছোট ভাই রবিন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর হসপিটালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, বিএমএর সভাপতি ডাঃ নুরুল হুদা, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সালেহ আহমেদ, ডাক্তার সৈয়দ আহমেদ কাজল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী।
ডা. সুজাউদ্দৌলা রুবেল বরিশালের সন্তান হলেও সেবা ও আন্তরিকতা দিয়ে তিনি চাঁদপুরবাসী হয়ে উঠেছিলেন। অনেকেই মনে করতেন তিনি চাঁদপুরের সন্তান। ডা. রুবেল দীর্ঘদিন চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনা বিষয়ক ফোকালপার্সন ছিলেন। গত কয়েক মাস পূর্বে তিনি চাঁদপুর মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে ছিলেন।
তার স্ত্রী ডা. সাজেদা বেগম পলিন করোনাকালের আরেক মানবিক চিকিৎসক। তিনি বর্তমানে নড়াইল জেলার সিভিল সার্জন।
তাঁর মৃত্যুতে চাঁদপুরে শোকের ছায়া নেমে এসেছে। শত শত চিকিৎসক ও সর্বস্তরের মানুষ তাকে দেখতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়। এসময় তার দীর্ঘদিনের সহকর্মী সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য: ডা. সুজাউদ্দৌলা রুবেলের দ্বিতীয় জানাজা ঢাকায় এবং তৃতীয় জানাযা বরিশাল জেলার কাউনিয়া জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ