শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপির জন্ম হয়েছে বলে আজ গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : লায়ন ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৪ পিএম
বিএনপির জন্ম হয়েছে বলে আজ গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : লায়ন ইঞ্জিঃ মমিনুল হক
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী শেষে কেক কেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার মেহের উত্তর ইউপির কাকৈরতলা বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেনের যৌথ সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বক্তব্যে বলেন, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপ্নদ্রষ্টা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলটি প্রতিষ্ঠা করেন।
এরপর গণতন্ত্রের মানষকন্যা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই দলটির দায়িত্বভার গ্রহণ করেন। তারপর এক বিশেষ মুহূর্তের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র  পুনরুদ্ধারে ঐতিহাসিক ভূমিকা রাখেন। যা আজ স্পষ্ট এবং বাংলাদেশে দৃশ্যমান। সম্প্রতি দেশে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে।
এটি সম্ভব হয়েছে, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ-সাধারণ মানুষের জীবনের বিনিময়ে। এই বিজয়কে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। যেখানে থাকবে না হানাহানি, রাজনৈতিক প্রতিহিংসা, ধর্ম বর্ণের বৈষম্য।
একপর্যায়ে তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমগ্র দেশে ও অত্র উপজেলা যে সকল নেতা কর্মী মৃত্যুবরণ ও মামলা মোকাদ্দামায় জেল জুলুম হুলিয়া শিকার হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন। পরিশেষে তিনি সম্প্রতি সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য নেতা কর্মী সহ সকল শ্রেণী পেশা মানুষের প্রতি আহ্বান রাখেন।
একই সঙ্গে আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হলে বানভাসী মানুষের এ দুঃখ কষ্ট মুছে দেওয়ার চেষ্টা করবে।
ওই সময় তিনি বিএনপি’র দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ কোথাও অরাজকতা সৃষ্টি করবেন না। যদি কেউ এমন সাহস দেখায় তাহলে বিষয়টি তাকে জানিয়ে দেওয়ার অনুরোধ করেন। ওই সকল নেতাকর্মীদেরকে সাংগঠনিকভাবে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে।
পরিশেষে তিনি দলীয় নেতৃবৃন্দ উপস্থিত বানভাসি মানুষদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, অধ্যাপক মোজাহের হোসেন, আবুল কালাম আতাহার, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর, সদস্য সচিব এহতেশামুল গণি, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, প্রফেসর আনিসুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাহেদুল হক সোহেল, ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব, এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর  শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।
রায়শ্রী দক্ষিণ ইউপি’র  বিএনপি নেতা আব্দুস সাত্তার, মাহবুব আলম, মেহের-রায়শ্রী  উত্তরের বিএনপি নেতা লোকমান হোসেন, আক্তার হোসেন, পৌরসভার মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদের ইমাম রেজাউল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদের ইমাম রেজাউল

মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় ৩০ বছর ধরে বৃক্ষরোপণ করে আসছেন ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের মো. রেজাউল কিবরিয়া বাবুল। নিজের অর্থ ও উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছের চারা রোপণ ও পরিচর্যা করে গড়ে তুলেছেন সবুজের আবরণ। তার লাগানো সারি সারি তালগাছে বদলে গেছে গ্রামের একটি সড়কের চিত্র।

স্থানীয়দের কাছে রেজাউল কিবরিয়া বাবুল একজন ইমাম হিসেবে পরিচিত হলেও বৃক্ষপ্রেমী হিসেবেও রয়েছে তার আলাদা পরিচিতি। তিনি ওমরপুর ইউনিয়নের কালাপানিয়া বাজার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি অবসর সময়ে গাছ লাগানো ও পরিচর্যায় নিজেকে নিয়োজিত রাখেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক আগে বৃক্ষরোপণের উদ্যোগ নেন রেজাউল কিবরিয়া। ১৯৯৩-৯৪ সালের দিকে পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ভুঁইয়ারহাট এলাকায় একটি নার্সারি গড়ে তোলেন। সেখান থেকে উৎপাদিত ও সংগ্রহ করা বিভিন্ন জাতের গাছের চারা এলাকার সড়কের পাশে রোপণ করতে শুরু করেন। একই সঙ্গে মাইকিং করে স্থানীয়দের গাছ লাগাতে উৎসাহিত করতেন।

তার লাগানো গাছের মধ্যে রয়েছে তাল, ফলজ ও বিভিন্ন ঔষধি গাছ। ওমরপুর গ্রামের বাউল সড়কের দুই পাশে প্রায় দুই দশক আগে লাগানো তালগাছগুলো এখন বড় হয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে পুরো সড়কটি যেন সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পথ। গাছের ছায়ায় পথচারী ও কৃষকেরা স্বস্তি পান। স্থানীয়দের পাশাপাশি বাইরের লোকজনও এখন এই সড়কের সৌন্দর্য দেখতে আসেন।

Model Hospital

শুধু বাউল সড়ক নয়, ওমরপুর ইউনিয়নের আরও কয়েকটি সড়কের পাশেও গাছ লাগিয়েছেন তিনি। চারা রোপণের পর নিয়মিত সেগুলোর পরিচর্যাও করেন। অনেক গাছ নষ্ট হয়ে গেলেও বৃক্ষরোপণের কাজ থেকে পিছিয়ে যাননি তিনি।

স্থানীয়দের মতে, সরকারি কোনো প্রকল্পের অপেক্ষায় না থেকে একজন ইমামের ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে গাছ লাগানোর এই প্রচেষ্টা শুধু একটি সড়কের সৌন্দর্যই বদলায়নি, বরং স্থানীয়দের মধ্যেও বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা শাহজাহান, লিটন, আলমগীর ও যুবক তুহিন জানান, বাউল সড়কের দুই পাশে এখন শত শত তালগাছ রয়েছে। গাছগুলো বড় হয়ে ওঠায় সড়কটির সৌন্দর্য অনেক বেড়েছে। বিকেল ও সন্ধ্যায় স্থানীয়রা সেখানে সময় কাটান। দূর-দূরান্ত থেকেও অনেকে এই সড়কের সৌন্দর্য দেখতে আসেন। রেজাউল কিবরিয়ার উদ্যোগ দেখে তারাও নিজেদের জায়গায় বেশি করে গাছ লাগাতে উৎসাহিত হয়েছেন।

রেজাউল কিবরিয়া বাবুল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আল্লাহর সন্তুষ্টির আশায় আমি প্রায় তিন দশক ধরে গাছ লাগিয়ে আসছি। ১৯৯৩-৯৪ সালে এ কাজ শুরু করি। এ পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা লাগিয়েছি। এর মধ্যে তালগাছের বীজ ও চারা রয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার।’

তিনি বলেন, সব গাছ টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তবে গাছ লাগানোর কাজ থেকে কখনো সরে আসেননি। বর্তমানে নিজে নার্সারিতে চারা উৎপাদনের সময় না পাওয়ায় ঝালকাঠির স্বরূপকাঠি থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করে রোপণ করছেন।

তালগাছ লাগানোর বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় তালগাছ লাগানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। পাশাপাশি বন বিভাগের পরামর্শও নিয়ে থাকেন।

রেজাউল কিবরিয়া আরও বলেন, ‘আমি গাছ লাগানোকে সদকায়ে জারিয়া হিসেবে দেখি। একটি গাছ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ছায়া, সৌন্দর্য ও উপকারের উৎস। যতদিন বেঁচে থাকব, ততদিনই গাছ লাগানোর এই কাজ চালিয়ে যেতে চাই।’

তার ভাষ্য, গ্রামের প্রতিটি সড়ক ও আশপাশের এলাকা সবুজে ভরে তোলাই তার লক্ষ্য। একই সঙ্গে তরুণদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে ফল ও ফুলের বাগান করার আহ্বান জানান তিনি।

রেজাউল কিবরিয়ার দীর্ঘদিনের উদ্যোগের বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ‘গাছ লাগানো অবশ্যই একটি ভালো উদ্যোগ। রেজাউল কিবরিয়া সাহেবের দীর্ঘদিনের এ কাজের বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে এ বিষয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’