বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:২৩ পিএম
মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাগানবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বাগানবাড়ি ইউনিয়নে জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিলটি বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রাম থেকে বের হয়ে হাঁপানিয়া, বড়কিনাচক, নবীপুর, রাযেরকান্দী গ্রামের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদ প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত আলোচনায় জেলা বিএনপির সদস্য মিয়া মনজুর আমিন স্বপন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। কিন্তু তার লুটেরা সন্ত্রাসী বাহিনী এ দেশেই রয়ে গেছে। আওয়ামী লীগ থেকে আগত সেসব নব্য বিএনপি দলে ভিড়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ১৭ বছর মামলা হামলার শিকার জিয়াউর রহমানের আদর্শের সৈনিক প্রকৃত বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই।
তিনি বলেন, কোনো সন্ত্রাস চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালী করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীদের দলে স্থান দিবে না। সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার প্রতি আহবান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া মো. নাদিম, সহ-সভাপতি শাহাদাত হোসেন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক পারভেজ প্রধান, আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলভি ঈমন, যুবনেতা ইমান হোসেন। নাছির মিয়া, আল আমিন, জিসান আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব আর্শ্বাদুল হক,  ছাত্রনেতা আল আমিন প্রধান, হিমেল ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।