মতলব দক্ষিণে চালককে হ’ত্যা করে অটোরিকশা ব্যাটারি ছি’নতা’ই
চাঁদপুরের মতলব দক্ষিণে চালককে শ্বাসরোধে হত্যা করে তাঁর অটোরিকশার ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বেলুতী (গলগল্লার মোড়) এলাকার খালের পাড় থেকে মহিন উদ্দীন (১৬) নামে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করে মতলব দক্ষিণ থানা পুলিশ। নিহত মহিন উদ্দিন উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের নাছির উদ্দীন মিয়াজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ।

স্থানীয় এলাকাবাসী জানান, শনিবার সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতী গ্রামের (গলগল্লার মোড়) এলাকায় খালেরপাড় ১৫/১৬ বছর বয়সী এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মহিন উদ্দিনের পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি (টি শার্ট) ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত মহিন উদ্দিনের পিতা নাছির উদ্দিন মিয়াজী বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে মোবাইলে কল পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় আশপাশে খোঁজাখুজি শুরু করি। রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পেয়ে আমি উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে শনিবার সকালে ভাঙ্গারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলুতী এলাকায় মানুষ মারা গেছে। পুলিশের গাড়ি বেলুতী গ্রামে গেছে শুনে আমিও সেখানে যাই। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পরে আছে।

নিহত মহিন উদ্দিন, দুই বোন এক ভাইয়ের মধ্যে বড় ছিল। সে অটোরিকশা চালিয়ে সংসার ও বোনদের লেখাপড়ার খরচ চালাতেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত কুমার রায় ও সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা লিখিত অভিযোগ প্রস্তুত করছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
ওসি আরও বলেন, নিহতের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে অটোরিকশার ব্যাটারী পাওয়া যায়নি।








