মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনায়

ফরিদগঞ্জের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে : ইউএনও সেটু কুমার বড়ুয়া

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
ফরিদগঞ্জের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে : ইউএনও সেটু কুমার বড়ুয়া

ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁকে একজন সততা নির্ভর, দূরদর্শী ও অত্যন্ত জনবান্ধব কর্মকর্তা হিসেবে অভিহিত করে তাঁর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
উপজেলায় দায়িত্ব পালনকালে তাঁর বস্তুনিষ্ঠ ও প্রশংসনীয় ভূমিকার প্রতি সম্মান জানিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেষ বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধীজন।
সংবর্ধনা সভায় আবেগঘন বক্তব্যে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, ফরিদগঞ্জে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের একদম কাছে থেকে কাজ করার অনন্য সুযোগ পেয়েছি। স্বল্প সময়ে এখানকার মানুষের সঙ্গে আমার একটি আত্মিক বন্ধন তৈরি হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনিক কাজে স্থানীয় কর্মরত সাংবাদিক ভাইদের আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। প্রশাসন, সাংবাদিক ও জনগণের এই অকৃত্রিম সহযোগিতা আমার স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, মশিউর রহমান।
বিদায়ী ইউএনওর ভূমিকা তুলে ধরে সাংবাদিকরা বলেন, স্বল্প মেয়াদের কর্মকালেই তিনি প্রশাসনিক কঠোরতা বজায় রাখার পাশাপাশি সাধারণ ও অসহায় মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছিলেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদানসহ যেকোনো মানবিক প্রয়োজনে তিনি ছিলেন সর্বাগ্রে। নিজের নিরলস কর্মগুণেই তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন সেটু কুমার বড়ুয়া। দীর্ঘ ১১ মাস ১৪ দিন সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন শেষে তিনি সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।
এদিকে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে, বাগমারা উপজেলার তাহেরপুর থেকে বদলি হয়ে আসা নতুন ইউএনও মেহেদী হাসান মানিক আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

অতীতের অভিজ্ঞতা ও উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় অঙ্গনে আলোচনা

মৈশাদীর চেয়ারম্যান পদে এবার কারা আলোচনায়? উঠে আসছে মানিক পাটোয়ারীর নাম

মাঈনুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ এম
মৈশাদীর চেয়ারম্যান পদে এবার কারা আলোচনায়? উঠে আসছে মানিক পাটোয়ারীর নাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। জনপ্রতিনিধি হিসেবে তাঁর অতীত অভিজ্ঞতা, উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক সেবায় সম্পৃক্ততা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী ও ভোটারদের মধ্যে আলোচনা চলছে।

মনিরুজ্জামান মানিক পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি। এর আগে তিনি মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা।

স্থানীয় সূত্র ও তাঁর সমর্থকদের ভাষ্য অনুযায়ী, চেয়ারম্যান থাকাকালে ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং ডিজিটাল সেবার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত ছিলেন বলে জানান তাঁর অনুসারীরা।

করোনাকালে সহায়তার দাবি

Model Hospital

করোনাভাইরাসের সংক্রমণের সময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় আনছেন তাঁর সমর্থকেরা। তাঁদের দাবি, ওই সময়ে ব্যক্তিগত উদ্যোগে ‘সততা স্টোর’-এর মাধ্যমে খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ দিয়ে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছিলেন মানিক পাটোয়ারী। তাঁদের মতে, সংকটকালীন এসব উদ্যোগ স্থানীয় মানুষের একটি অংশের মধ্যে তাঁর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে।

উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে প্রত্যাশা

মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের মধ্যে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা। তবে নির্বাচনে তাঁর চূড়ান্ত প্রার্থিতা এবং অন্যান্য প্রার্থীর অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে স্থানীয়দের প্রত্যাশার মধ্যে রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজ করা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা

মনিরুজ্জামান মানিক পাটোয়ারীর সমর্থকদের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে তাঁর পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মৈশাদী ইউনিয়নের উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। তবে নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত অবস্থান, তাঁদের পরিকল্পনা এবং ভোটারদের মতামত নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে আরও স্পষ্ট হবে।

সব মিলিয়ে, আসন্ন মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মানিক পাটোয়ারীকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। তাঁর অতীত কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসম্পৃক্ততার বিষয়গুলো নির্বাচনী আলোচনায় কতটা গুরুত্ব পায়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোর জন্য।