শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জীবনের নিরাপত্তা রক্ষায় যুবলীগ নেতাকে ত্যাজ্য করলেন বাবা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৬:১৯ পিএম
জীবনের নিরাপত্তা রক্ষায় যুবলীগ নেতাকে ত্যাজ্য করলেন বাবা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন আলম মোহনকে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য করেছেন বাবা ছিদ্দিকুর রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ছিদ্দিকুর রহমান নিজেই।

গত ১৫ ডিসেম্বর তিনি নোটারি পাবলিক কার্যালয়ে চাঁদপুরের আইনজীবী একেএম লোকমান হোসাইনের মাধ্যমে ছেলেকে ত্যাজ্যপুত্র সম্পর্কিত হলফনামা সম্পাদন করেন।

ওই হলফনামায় সাক্ষী হিসেবে ছিলেন ছিদ্দিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে সাহানা আক্তার ও আত্মীয় খলিলুর রহমান। ত্যাজ্য করা মো. মহসিন আলম (মোহন) ছিদ্দিকুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং ওই ইউনিয়নের সিংহেরগাঁও হামচাপুর গ্রামের ছৈয়াল বাড়ির বাসিন্দা।

Model Hospital

ছিদ্দিকুর রহমান বলেন, তার ছেলে ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে। ছেলের সঙ্গে ২০১৪ সালের পর থেকে সম্পর্ক নেই। কারণ তিনি অসুস্থ হওয়ার কারণে ছেলে মোহন খাজুরিয়া বাজারে তার ব্যবসা (হার্ডওয়্যার) দেখাশুনা করতেন। বিগত প্রায় ১০ বছরে মোহন ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। নিজ ইচ্ছায় বিয়ে করেন। লোকজনকে চাকরি দেওয়ার নাম করে বহু টাকা পয়সা আত্মসাৎ করেছেন।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর পাওনাদারসহ অন্যান্য লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আরও যারা টাকা পাবে তারা আমাকে এসে হুমকি ধামকি দিচ্ছে। যে কারণে আমি এখন বাড়ি থেকে বের হতে পারি না। আর আমার ছেলে বিগত দিনে তাকে লোকজনের টাকা ফেরতসহ ব্যবসা প্রতিষ্ঠানের টাকা হিসাব চাইলে আমাকে এবং পরিবারের সদস্যদেরকে বেশ কয়েকবার প্রাণ নাশের হুমকি দিয়েছে।

বাবা ছিদ্দিকুর রহমান হলফনামায় উল্লেখ করেন, নিজের জীবনের নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বাধ্য হয়ে আমি সবার সামনে আমার ছেলে মহসিনকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমার সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তির আইনগত ও ওয়ারিশগত অধিকার এবং পিতা-পুত্রের সম্পর্ক থেকে তাকে ত্যাজ্য ঘোষণা করিলাম। এখন থেকে মহসিন আলমের কোনো অপকর্ম কিংবা দেনা পাওনার কোনো দায়িত্বভার আমি বা আমার পরিবারের কোনো সদস্য গ্রহণ করবে না।

এদিকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. মহসিন আলম (মোহন) সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়ার সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ সাংবাদিক সফিকুর রহমান এমপি নির্বাচিত হলে যুবলীগের কমিটি থেকে বাদ পড়েন।

গত ৫ আগস্টের পর থেকে মো. মহসিন আলম (মোহন) স্ত্রীসহ পলাতক। তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ। যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital