রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ পৌরসভার সরকারি মিটারের বিদ্যুৎ ভোগ করছে আওয়ামী লীগ নেতা রাধা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫, ৮:৫০ পিএম
হাজীগঞ্জ পৌরসভার সরকারি মিটারের বিদ্যুৎ ভোগ করছে আওয়ামী লীগ নেতা রাধা

চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভার একটি সরকারি পাম্প ঘর দখল করে ব্যক্তিগত মাছ চাষের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাধা কান্ত রাজুর বিরুদ্ধে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে—উক্ত ঘরে ব্যবহৃত বিদ্যুতের বিল পরিশোধ করে আসছে পৌরসভা, অথচ এর পূর্ণ সুবিধা ভোগ করছেন একজন ব্যক্তি!

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ সংলগ্ন দীঘিটি কয়েক বছর আগে লিজ নেন আওয়ামী লীগ নেতা রাধা কান্ত রাজু। এরপর থেকেই দীঘির পাশে অবস্থিত পৌরসভার মালিকানাধীন সরকারি পাম্প ঘরটিও দখল করে নেন তিনি।

এই ঘরের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে দীঘিতে সরবরাহ করা হয়, যার মাধ্যমে পরিচালিত হচ্ছে মাছ চাষের বিশাল কর্মযজ্ঞ। অথচ এই পানির পাম্প চালাতে ব্যবহৃত উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সংযোগের বিল দিচ্ছে হাজীগঞ্জ পৌরসভা—অর্থাৎ জনগণের অর্থে।

সম্প্রতি সরেজমিনে গেলে দেখা যায়, পাম্প ঘরের ভেতরে রাখা হয়েছে মাছের খাবার, আসবাবপত্র এবং রাজুর কর্মচারীরা সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। স্থানীয়রা জানান, তারা প্রায়ই সেখানে মাছ চাষের কার্যক্রম পরিচালনা করতে দেখেন রাজুর লোকজনকে।

Model Hospital

প্রথমে বিদ্যুৎ ব্যবহার এবং পাম্প ঘর দখলের বিষয়টি স্বীকার করলেও, পরে মুঠোফোনে রাধা কান্ত রাজু জানান: “আমি ঘর ব্যবহার করি, কিন্তু বিদ্যুৎ বিল দেয় পৌরসভা। সরকার থেকে সবাই তো কিছু না কিছু সুবিধা নেয়, আমি তো আর বড় কিছু নেইনি। এই ঘরটাই ব্যবহার করেছি। তবে ৫ আগস্টের আগ পর্যন্ত করেছি, এখন আর করি না।”

হাজীগঞ্জ পৌরসভার ওয়াটার প্ল্যানিং প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, “পাম্প ঘরটি অনেক দিন ধরেই পরিত্যক্ত ছিল। তাই বিষয়টি তেমন গুরুত্ব দিয়ে দেখা হয়নি।” এই মন্তব্যে প্রশাসনিক অবহেলার বিষয়টিও স্পষ্ট হয়ে উঠছে।

স্থানীয় সচেতন নাগরিকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, “এটি শুধু একটি ঘর দখল নয়, এটি জনগণের সম্পদ ও অর্থের অপব্যবহার। পৌরসভার বিদ্যুৎ ব্যবহার করে ব্যক্তি ব্যবসা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ ঘটনায় এখন পর্যন্ত জেলা প্রশাসন কিংবা পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তদন্ত শুরু হয়নি। তবে স্থানীয় জনগণ, নাগরিক সমাজ ও সুশীল মহল দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।