শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:০৬ পিএম
শাহমাহমুদপুরে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টায় ইউনিয়নের শাহমাহমুদ বাগদাদী (রাহঃ) এর মাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শাহমাহমুদপুর এক্সপ্রেস এর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। সম্মিলিত স্বপ্ন সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও আসন্ন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম বাকের খন্দকার।
সম্মিলিত স্বপ্ন সংগঠনের সভাপতি মো. খন্দকার শাহাদাতের সভাপতিত্বে এবং সানি হাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খন্দকার এনামুল হক বাদল, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোশারফ কারী, নজরুল ইসলাম বাবলু।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল মল্লিক, বিএনপি নেতা এনামুল গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সমাজসেবক রুবেল গাজী এবং সম্মিলিত স্বপ্ন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল গাজী সুমন, সংগঠনের সদস্য জাফর মিজি ও রুবেল বেপারী, মমিন মিজি, খন্দকার রবিউল হক তিতু, সুমন খান ও জহিরুল ইসলাম রেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিন্তু খন্দকার ও হাবিব সর্দারের সার্বিক সহযোগিতায় উক্ত ফাইনাল খেলায় ভড়ঙ্গারচর জুনিয়র স্পোর্টিং ক্লাব ও ভড়ঙ্গারচর সিনিয়র স্পোর্টিং ক্লাব অংশ নেয়। ট্রাইবেকারে গিয়ে ভড়ঙ্গারচর জুনিয়র স্পোর্টিং ক্লাব জয় লাভ করেন।
আয়োজকেরা মনে করেন, মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।