রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ২৪টি পরিবারের মাঝে ঢেউটিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:৩৯ পিএম
হাজীগঞ্জে ২৪টি পরিবারের মাঝে ঢেউটিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ চেক বিতরণ করছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ চেক এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ।

এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে ৪৮ বান্ডিল ঢেউটিন এবং নগদ চেক বিতরণ করা হয়। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ৪ জনের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

Model Hospital

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু ছাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস, তদন্ত কর্মকর্তা রাজীব শর্মা এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এর আগে সকালে জেলা প্রশাসক ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পাশাপাশি, তিনি বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সরকারের পক্ষ থেকে এসব সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন যাপনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।”

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।