বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনী সহিংসতা মামলায়

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:৫০ পিএম
ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

ফরিদগঞ্জের পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার।

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার ও এএসআই জুমায়েত হোসেন অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মো. মজিবুর রহমান (৫০) ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। তিনি উপজেলার চরকুমিরা গ্রামের মৃত আ. ছাত্তার পাটওয়ারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় মজিবুর রহমানকে আসামি করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর মজিবুর রহমানকে ফরিদগঞ্জে বিএনপির পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আরেকটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ আলম বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় মজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এছাড়া বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের আরেকটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital