বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রভাতের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৪৪ পিএম
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রভাতের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনে চাঁদপুরে পালিত হয়েছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান পাটওয়ারী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন গাজী, প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি আইনূর নাহার।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার মতো একটি নাম হচ্ছে প্রভাত। সংগঠনটির সূচনাতে ভেবেছিলাম হয়তো কয়েক বছর কার্যক্রম পরিচালনা শেষে তাদের সংগঠন বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমরা তা দৃঢ়ভাবে লক্ষ্য করে এসেছি প্রভাত তার নিজ গতিতে হাঁটি হাঁটি পা পা করে ৮ বছর শেষ করে ৯ বছরে পদার্পণ করেছে। আমরা সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।
মানবসেবায় নিয়োজিত এ স্বেচ্ছাসেবী সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।
সংগঠনের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জুয়েল হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, সদস্য জাহিদুল ইসলাম আকাশ।
সফলতার আট বছর পেরিয়ে নয় বছরে পদার্পণের এই শুভ ক্ষণে দুইজন অসহায় নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে এদিন একজন থ্যালাসেমিয়া রোগীকে চাঁদপুর সদর হাসপাতালে একব্যাগ বি পজেটিভ রক্ত প্রদান করেন।
পরে উপস্থিত সকল সদস্যের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় কেক কেটে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন আমন্ত্রিত অতিথি সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের একঝাঁক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।