দুই জাহাজের সংঘর্ষে চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্টবোঝাই জাহাজ ডুবি
জাহাজ ডুবে যাওয়ার স্থানে একটি সংকেত দিয়ে রাখা হয়েছে।
চাঁদপুরের মেঘনা নদীতে দুই লাইটার জাহাজের সংঘর্ষে সিমেন্টবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার দোকানঘর নামক স্থানে এই ঘটনা ঘটে।

নৌ-পুলিশ জানায়, শাহ সিমেন্ট কোম্পানির চাঁদতারা নামের একটি লাইটার জাহাজ ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ ডুবে যায়। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার অভিযান শুরু করবে জাহাজ কর্তৃপক্ষ।

সাখুয়া গ্রামের রফিক আখন বলেন, ‘সকালে জাহাজটি ডুবে যায়। এখন একটি সংকেত দিয়ে রাখা হয়েছে।’

জাহাজের মাস্টার মামুন শেখ বলেন, ‘মুন্সিগঞ্জ থেকে যশোর যাওয়ার পথে জামাল জিরো নামের আরেকটি জাহাজের সাথে সংঘর্ষ হয়। এতে তাদের জাহাজে ফাটল ধরে পানি ঢুকে পড়ে। দ্রুত দোকানঘর সাখুয়া এলাকায় জাহাজটি ভিড়ানোর চেষ্টা করা হয়। মেঘনা নদীর তীরে ভিড়ানোর আগেই জাহাজটি ডুবে যায়।’

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাতের মধ্যে উদ্ধার অভিযান শুরু হতে পারে বলে জানান মাস্টার মামুন শেখ। ঘটনার পর ঘটনাস্থলে কোস্ট গার্ড টহল দিচ্ছে।





