রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নারায়ণপুর বাজারে নির্মাণ শিল্পীদের নিয়ে আশা সিমেন্টের মতবিনিময় সভা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:১৩ পিএম
নারায়ণপুর বাজারে নির্মাণ শিল্পীদের নিয়ে আশা সিমেন্টের মতবিনিময় সভা
মতলব দক্ষিণে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের গুণগত মান নিয়ে ডিলার, ব্যবসায়ী, স্থানীয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর ও নির্মাণ শিল্পীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট-২০২৫) সন্ধ্যা ৭টায় উপজেলার নারায়ণপুর বাজারে নুর ম্যানশনের দ্বিতীয় তলায় আশা সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনায় এবং আশা সিমেন্টের মতলব দক্ষিণ উপজেলার এক্সক্লুসিভ ডিলার আল আকসা ট্রেডার্সের সার্বিক সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার আল আকসার ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক রাজিকিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির কুমিল্লা জোনের রিজিওনাল হেড আলী রেজা মোহাম্মদ তালহা।
আশা সিমেন্টের সিনিয়র মার্কেটিং অফিসার এস এম আসাদুজ্জামান দিপুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এমএ আজিজ ঢালী, আশা সিমেন্টের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, স্থানীয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, আবু বক্কর সিদ্দিক, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনজুরুল ইসলাম মঞ্জু পাটোয়ারী।
অতিথিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে আশা সিমেন্টের গুনগত মান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন। মতবিনিময় সভা শেষে নির্মাণ শিল্পীদের রাতের ডিনার ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত নির্মাণ শিল্পীরা (রাজমিস্ত্রী) উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।