বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ সড়কে পানির মধ্যেই চলছে ইটের গাঁথুনি

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম
ফরিদগঞ্জ সড়কে পানির মধ্যেই চলছে ইটের গাঁথুনি
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর সড়কে পানির মধ্যেই সিমেন্ট বালি দিয়ে বসানো হচ্ছে ইটের গাঁথুনি। এ নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থ ব্যয়ে সড়ক নির্মাণ হলেও কাজ হচ্ছে নিম্নমানের, যা টেকসই হওয়ার আগেই ভেঙে পড়বে। এ যেন চোখ থাকিতেই অন্ধ। পৌর প্রকৌশলী বলছেন কাজের স্থানে পৌর কর্তৃপক্ষের লোকজন আছে। তার মানে পৌরসভার লোকজনের যোগসাজশেই হচ্ছে এ অনিয়ম।
অভিযোগ রয়েছে, সড়কে ইট বসানোর সময় পর্যাপ্ত মশলা (সিমেন্ট-বালির মিশ্রণ) ব্যবহার করা হচ্ছে না। বরং পানির ওপরেই ইট বসিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এতে নির্মাণকাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর আশঙ্কা, সড়কটি নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এতে যেমন জনভোগান্তি বাড়বে, তেমনি সরকারি কোটি কোটি টাকা ভেস্তে যাবে।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার রাস্তা বানানোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদার সেই টাকা লুটে নিচ্ছে নিম্নমানের কাজ দেখিয়ে। এর খেসারত শেষ পর্যন্ত এলাকার মানুষকেই দিতে হবে।”
স্থানীয়রা জানান, সড়কটি ফরিদগঞ্জ-মিরপুর অঞ্চলের হাজারো মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। তাই নিম্নমানের কাজ নয়, টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ পৌরসভার প্রকৌশলী আব্দুল কাদের বলেন, “চলমান কাজের স্থানে আমাদের লোক রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তবে লোক থাকার পরও এ অনিয়ম কীভাবে হচ্ছে—এ প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
সচেতন মহল বলছেন, এ বিষয়ে দ্রুত তদন্ত ও কঠোর তদারকি জরুরি হয়ে পড়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital