বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত

টাইফয়েড থেকে বাঁচার জন্যে আমাদের সকলের বিশুদ্ধ পানি পান করতে হবে,সিভিল সার্জন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম
টাইফয়েড থেকে বাঁচার জন্যে আমাদের সকলের বিশুদ্ধ পানি পান করতে হবে,সিভিল সার্জন
চাঁদপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা রাখতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমাদের আগামীর প্রজন্মকে বাঁচাতে টাইফয়েডের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে। বিশেষ করে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই টিকার আওতায় আনতে হবে। টাইফয়েড যাতে মহামারী আকার ধারণ করতে না পারে, সেজন্যে শীঘ্রই প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে শিক্ষার্থীদেরকে টাইফয়েড টিকার নিবন্ধনের আওতায় এনে টিকাদান সম্পন্ন করতে হবে। আমাদের দেশের কোনো শিশুই যাতে টাইফয়েড টিকা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে অভিভাবক ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।

সিভিল সার্জন আরও বলেন, অনেকেই করোনা টিকার বিষয়ে সমাজে ভুল তথ্য ছড়িয়ে বেড়াচ্ছেন। করোনা টিকার কারণে স্ক্যাবিস সহ নানা চর্মরোগ রোগ ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে সুশিক্ষা ও সচেতনতার অভাবই এই কুসংস্কারের জন্যে দায়ী। টাইফয়েড একটি পানিবাহিত রোগ। আমাদের উচিত পানি পানের বিষয়ে আরো সচেতন হওয়া। টাইফয়েড থেকে বাঁচার জন্যে আমাদের সকলের বিশুদ্ধ পানি পান করতে হবে।

চাঁদপুর সদর উপজেলার এমওডিসি ডাঃ শফিকুর রহমানের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম, চাঁদপুর সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রওসবা নাসরিন রুমু, ডাঃ বিউটি রানী সরকার, ডাঃ নাসরিন পারভীন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আজিজুল ইসলাম সবুজ।

Model Hospital

প্রসঙ্গ, ভ্যাকসিনটির নাম (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) (TCV)। প্রতিটি শিশুকে ১ ডোজ (০.৫ এমএল) টিকা দেওয়া হবে। এই টিকা প্রাপ্তির বয়সসীমা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু—যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত (প্লে, নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান) এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুরাও অন্তর্ভুক্ত থাকবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ কর্মদিবসের মধ্যে এই ক্যাম্পেইন সম্পন্ন করা হবে বলে জানা যায়। চাঁদপুর সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী, জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্র, স্কুল ও মাদ্রাসার নির্ধারিত স্থানে এই টিকা কার্যক্রম চলবে।

এ সময় কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষক,শিক্ষিকা বৃন্দ, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital