বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সরকারি চাল মজুদ, বিএনপি নেতাকে জরিমানা ও দোকান মালিকের জেল

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম
ফরিদগঞ্জে সরকারি চাল মজুদ, বিএনপি নেতাকে জরিমানা ও দোকান মালিকের জেল
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রায় তিন টন চাল দোকান থেকে উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে ৩০ কেজি ওজনের মোট ৯২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
অভিযানে দোকান মালিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীর সম্পৃক্ততা উঠে আসে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া তাকে উপজেলা কার্যালয়ে ডেকে এনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে দোকান মালিক সাইফুলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক জামাল উদ্দিনের উপস্থিতিতে জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জরিমানা হওয়া সোহেল বেপারী গোবিন্দপুর গ্রামের শাহ আলম বেপারীর ছেলে এবং দণ্ডপ্রাপ্ত দোকান মালিক সাইফুল ইসলাম একই গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া বলেন, “সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অপরাধে একজনকে তিন মাসের কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত চাল জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।”
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই চাল ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ। তা দোকানে কীভাবে এলো, সেটি বড় প্রশ্ন।” তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital