রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি পঞ্চগ্রাম আজিজুর রহমান উবি’র ১০ম শ্রেণির অভিভাবক সমাবেশ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম
শাহরাস্তি পঞ্চগ্রাম আজিজুর রহমান উবি’র ১০ম শ্রেণির অভিভাবক সমাবেশ
শাহরাস্তি পৌর শহরের পঞ্চগ্রাম আজিজুর রহমান উবি’র ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সহকারী প্রধান শিক্ষক মোঃ আহছান উল্যাহ, ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মোঃ সফিউল্লাহ বাচ্চু, সাবেক অভিভাবক সদস্য মোঃ বিল্লাহ হোসেন, সাবেক সদস্য ও সাংবাদিক মোঃ রুহুল আমিন, প্রাক্তন অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় সিনিয়র শিক্ষিকা কোহিনুর আখতারসহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সদ্য যোগদান করা শিক্ষক মোঃ মাহফুজ আলম ও প্রিয়াংকা রানী মন্ডলকে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন বলেন, “আগামী এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হাতে টাচ মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তাই নিয়মিত পাঠাতে হবে।
পাশাপাশি নির্বাচনী পরীক্ষায় দুই বিষয়ে ফেল করলে পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে না।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা-না আসার বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়ানোরও আহ্বান জানান।
অভিভাবকদের কেউ কেউ মতামত ব্যক্ত করে বলেন, প্রতিটি বিষয়ে ভালোভাবে পাঠদানের জন্য নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে ব্যাচভিত্তিক পড়ানোর ব্যবস্থা করা প্রয়োজন।অনুষ্ঠানে ১০ম শ্রেণির অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে অতিথিদের হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।