রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলবে এমএ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ পিএম
মতলবে এমএ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করতে হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী।

বুধবার (২৪ সেপ্টেম্বর-২০২৫) মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা-প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে এমএ শুক্কুর পাটোয়ারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগষ্টের পর থেকেই বার বার বলে আসছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের সকলকে দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করতে হবে। আমরা সুসংগঠিত থাকলে কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনে বিএনপির বিজয়কে ঠেকাতে পারবেনা।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক জীবনে আমি এক টাকার দুর্নীতিও করিনি। আমি তৃণমূল থেকে উঠে আসা বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের ভালোবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাই। দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের সকলকে নিয়ে চাঁদপুর-২ আসনটি দলকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। 

Model Hospital

এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।