রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ ফাউন্ডেশনের কমিটি গঠন ও আলোচনা

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ পিএম
মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ ফাউন্ডেশনের কমিটি গঠন ও আলোচনা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মাষ্টার বাজারস্থ মধ্য বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ কার্যক্রম সম্পন্ন হয়।
মধ্য বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী।
এসময় তিনি বলেন,  সংগঠনটি যেন কেবল একটি সামাজিক প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে এমন এক অবস্থানে পৌঁছাতে পারে, যেখানে পরবর্তী প্রজন্ম গর্ব নিয়ে বলতে পারে যেন- আমি এই সামাজিক সংগঠনের সদস্য। সংগঠনটির কার্যক্রম উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাড়িয়ে পুরো চাঁদপুর জেলা জুড়ে কাজ করার প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, এই সংগঠনের প্রতিটি সদস্য যেন মানবিক মূল্যবোধ ও সহানুভূতির আলোকে কাজ করেন, এবং সংগঠনের মাধ্যমে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার বকাউল, মধ্য পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল ইয়াছিন, দক্ষিণ ঘোড়াধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান, পূর্ব বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন ও সভাপতি সোলাইমান পাটওয়ারী। পরে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী এ সংগঠনটির ১৩ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম।
নব গঠিত কমিটির নির্বাচিত সভাপতি সোলাইমান পাটোয়ারী, সহ সভাপতি মোঃ নাজমুল হক, আবু সুফিয়ান পাটোয়ারী, সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, কোষাধ্যক্ষ মমিন হোসেন বকাউল, সহ কোষাধ্যক্ষ মোঃ আহাদ মিজি, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মুরসালীন গাজী, প্রচার সম্পাদক রেজাউল করিম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার সাদিয়া, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান লামিয়া ও ক্রীড়া সম্পাদক মোঃ রাজন শেখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের সদস্যরা। এবং সংগঠনের পক্ষ থেকে স্থানীয় একটি মাদ্রাসায় ৬ জিল কোরআন শরীফ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ নাজমুল হক, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক আহাদ মিজি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার সাদিয়া এবং সহকারী নুসরাত জাহান লামিয়া সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।